পুরোনো ঠিকানায় ফিরলেন ক্রেসপো
ব্যর্থতার দায়ে চার বছর আগে যে ক্লাবের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন, আবার সেখানেই ডাগআউটে ফিরছেন আর্জেন্টিনার এক সময়ের তারকা ফরোয়ার্ড।
কয়েক মাস কোচিংয়ের বাইরে থাকার পর আবার ডাগআউটে ফিরছেন এরনান ক্রেসপো। ব্যর্থতার দায়ে চার বছর আগে যে ক্লাবের কোচের পদ ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন, আরও একবার সেই সাও পাওলোর দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার এক সময়ের তারকা ফরোয়ার্ড।
গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর মাঝে আর কোনো দলের দায়িত্বে ছিলেন না ৪৯ বছর বয়সী ক্রেসপো।
চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের সাবেক এই ফরোয়ার্ড কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। স্বদেশের অখ্যাত ক্লাব দেফেন্সা ইয়া জাস্তিসিয়ার দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ে ২০২০ সালে দলটিকে কোপা সুদামেরিকানা শিরোপা জিতিয়ে কোচ হিসেবে আলোচনায় উঠে আসেন তিনি।
অসাধারণ ওই সাফল্যের পরই তিনি সাও পাওলোয় যোগ দেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। ব্রাজিলের ক্লাবটিতে শুরুটা দারুণ হয় তার। দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় ক্লাবটিকে জেতান স্টেট চ্যাম্পিয়নশিপ, ২০০৫ সালের পর যা তাদের প্রথম।
কিন্তু ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আয় দলের হতশ্রী পারফরম্যান্সের দায়ে চুক্তি দুই বছরের হলেও আট মাসের মধ্যেই ক্লাব ছাড়তে হয় তাকে।
পরে কাতারের ক্লাব আল-দুহাইল হয়ে ক্রেসপো আল-আইনে যোগ দেন ২০২৩ সালের নভেম্বরে। দায়িত্বের প্রথম মৌসুমেই দলটিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান তিনি। কিন্তু পরের মৌসুমে দলের বাজে পারফরম্যান্সে চাকরি হারাতে হয় তাকে।
এখন আবার পুরোনো ঠিকানা সাও পাওলোয় ফিরলেন ক্রেসপো। সেখানে স্বদেশী লুইস সুবেলদিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।
লিগে প্রথম ১২ ম্যাচে মাত্র দুটিতে জয়ের পর গত সোমবার সুবেলদিয়াকে বরখাস্ত করে সাও পাওলো। পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে দলটি।
আবার ক্রেসপোকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সাও পাওলোর সভাপতি জুলিও কাসারেস।
“(ক্রেসপো) চমৎকার পেশাদার একজন, তিনি আগে থেকে ক্লাবটিকে চেনেন, এখানে একটি শিরোপা জিতেছেন এবং তার ফিরে আসার সময় এসেছে। তাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত।”
