স্বপ্নের রেয়াল মাদ্রিদে ‘সুপার-হ্যাপি’ কাররেরাস
দলে নতুন যোগ দেওয়া লেফট ব্যাককে নিয়ে উচ্ছ্বসিত কোচ শাবি আলোন্সো বললেন, ‘প্রায় সবকিছুতেই দুর্দান্ত কাররেরাস।’
ম্যাচের বয়স তখন ৬৪ মিনিট পেরিয়েছে। ভেদাত মুরিচির শট পা দিয়ে ঠেকিয়ে দেন থিবো কর্তোয়া। ফিরতি বলে হেড করে ক্লিয়ার করতে পারেননি এদের মিলিতাও। বল যায় সামু কস্তার কাছে। রেয়াল মায়োর্কার পর্তুগিজ মিডফিল্ডার গোলার মতো এক ভলি করেন। কর্তোয়া তখন পজিশনেই নেই। বল চলে যাচ্ছিল জালে। কিন্তু অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ডান পা বাড়িয়ে বল ফিরিয়ে দেন আলভারো কাররেরাস। নিশ্চিত গোল হজম থেকে রক্ষা পায় রেয়াল মাদ্রিদ।
পিছিয়ে পড়েও ২-১ গোলে জয়ের ম্যাচে রেয়ালের হয়ে গোল করেছেন আর্দা গিলের ও ভিনিসিউস জুনিয়ার। তবে লা লিগায় শনিবার তাদের তিন পয়েন্ট পাওয়ায় বড় অবদান কাররেরাসের। স্মরণীয় ওই সেভ তো বটেই, ম্যাচজুড়েই অসাধারণ খেলেছেন ২২ বছর বয়সী লেফট ব্যাক। স্বপ্নের ক্লাবে এসে তিনি নিজে দারুণ খুশি। তাকে নিয়ে উচ্ছ্বসিত কোচ শাবি আলোন্সো।
বেড়ে ওঠার দিনগুলিতে রেয়াল মাদ্রিদের একাডেমিতে ছিলেন কাররেরাস। ৯ বছর বয়সে যোগ দিয়েছিলেন তিনি দেপোর্তিভো লা করুনিয়ার একাডেমিতে। সেখানে ৫ বছর থেকে ১৪ বছর বয়সে তিনি ঠাঁই পান রেয়ালের একাডেমিতে। তিন বছর এখানে থেকে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে।
ইউনাইটেডের মূল দলে খেলার সুযোগ হয়নি তার। বরং সেখান থেকে ধারে খেলেছেন প্রেস্টন, গ্রেনাদা ও বেনফিকায়। পরে গত বছর বেনফিকা তাকে দলে নিয়ে নেয় ৫ বছরের চুক্তিতে। সেখানে এতটাই দুর্দান্ত ছিল তার পারফরম্যান্স যে, এই মৌসুমেই তাকে ৫ কোটি ইউরোয় নিয়ে আসে রেয়াল।
স্বপ্নের ঠিকানায় ফিরতে পেরে তিনিও ছিলেন রোমাঞ্চিত। ক্লাব বিশ্বকাপের পর দলে যোগ দিয়ে শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। শুরুতেই বলা যায় জায়গা পাকা করে ফেলেছেন রেয়ালের মতো দলে।
মায়োর্কার বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সের পর কাররেরাস বললেন, রেয়ালের জার্সিতে সবটুকু ঢেলে দিতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
“এখানে চুক্তি করার পর প্রথম দিনেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, সবটুকু উজাড় করে দেব এখানে এবং দলে অবদান রাখব সবটুকু।”
“স্বপ্নময় রাতগুলো শুরু হয়ে গেছে। আমি এখানে ‘সুপার-হ্যাপি।’ আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনটি পয়েন্ট পাওয়া।”
কাররেরাসকে রেয়ালে আনতে বড় ভূমিকা ছিল শাবি আলোন্সোর। বলা যায়, কোচের মরিয়া চাওয়াতেই মোটা অঙ্কে তাকে দলে নিয়েছে ক্লাব।
এখনও পর্যন্ত যা দেখেছেন, তাতে কাররেরাসের পারফরম্যান্সে মুগ্ধতার শেষ নেই কোচের।
“আমি তো আগে থেকেই তাকে অনুসরণ করছিলাম এবং সে এখানে আসার পর খুবই খুশি ছিলাম। ক্লাব বিশ্বকাপে তাকে পাওয়া সম্ভব হয়নি, পরে পেয়েছি। তার কাছ থেকে এমন পারফরম্যান্সই প্রত্যাশিত, কারণ তার মান অসাধারণ। প্রায় সবকিছুতেই সে দুর্দান্ত। বর্তমান ও ভবিষ্যতের জন্য দলে দারুণ এক সংযোজন সে।”
