ইউনাইটেডকে উড়িয়ে দিল অ্যাস্টন ভিলা
অ্যাস্টন ভিলার কোচ হিসেবে উনাই এমেরির পথচলা শুরু হলো দারুণ জয়ে।
ম্যাচের প্রথম ১১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল গেল দুইবার। বিরতির আগে ভাগ্যের ছোঁয়ায় ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিল এরিক টেন হাগের দল। তবে চেনা আঙিনায় অ্যাস্টন ভিলার উজ্জীবিত পারফরম্যান্সে পাত্তা পেল না তারা।
অ্যাস্টন ভিলার কোচ হিসেবে উনাই এমেরির পথচলা শুরু হলো দারুণ জয়ে। ভিলা পার্কে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকরা জিতল ৩-১ গোলে।
১৯৯৫ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগের ম্যাচে এই মাঠে হারল ইউনাইটেড।
আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে ইউনাইটেডের রক্ষণে ভীতি ছড়ায় অ্যাস্টন ভিলা। সাফল্য মেলে দ্রুতই। সপ্তম মিনিটে জ্যাকব র্যামজির পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দাভিদ দে হেয়াকে পরাস্ত করেন লেওন বেইলি।
ইউনাইটেড সেই ধাক্কা সামলে উঠবে কী, একাদশ মিনিটে আবারও তাদের জালে বল! দুর্দান্ত ফ্রি-কিকে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে।
৩৪তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের নিষেধাজ্ঞায় এই ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা ক্রিস্তিয়ানো রোনালদোর প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। লুক শ’র শট র্যামজির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সেই র্যামজি নিজেই আবার লিড দুই গোলে নিয়ে যান। ডি-বক্সে ওলি ওয়াটকিন্সের কাট-ব্যাকে বল পেয়ে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ মিডফিল্ডার।
৬০তম মিনিটে প্রতিপক্ষের টাইরন মিঙ্গসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রোনালদো। দুই জনকেই হলুদ কার্ড দেখা রেফারি।
বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কেউই।
১৩ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া ইউনাইটেড ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে অ্যাস্টন ভিলা।
চেলসিকে ১-০ গোলে হারানো আর্সেনাল ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
