২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ‘এমভিপি’ জিতে অনন্য মেসি

রেকর্ডময় মৌসুমের পর মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহানায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 12:45 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

স্বীকৃতিটি অনুমিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠনিকতার। সেখানে এত বড় ব্যবধানে ও দাপটে জিতলেন লিওনেল মেসি, তার শ্রেষ্ঠত্বই যেন প্রতিষ্ঠিত হলো আরেকবার। মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুবার এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) জিতে নিলেন আর্জেন্টাইন মহানায়ক।

এর আগে একাধিকবার সেরা হওয়ার নজির ছিল কেবল একজনেরই। তবে তিনি সেরা হয়েছিলেন ছয় বছরের ব্যবধানে। ১৯৯৭ ও ২০০৩ সালে সেরা হয়েছিলেন ক্যানসাস সিটি উইজার্ডের সার্বিয়ান মিডফিল্ডার প্রেদ্রাগ রাদোসেভিয়াভিচ, যিনি পরিচিত ছিলেন প্রেকি নামে।

মেসি যে এবার সেরা হবেন, তা নিশ্চিত হয়ে যায় বেশ আগেই। মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে এবার ২৮ ম্যাচে ২৯ গোল করে ‘গোল্ডেন বুট’ জেতেন তিনি। এছাড়া সহায়তা করেন ১৯ গোলে। 

গত মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৩৬ গোলে অবদান ছিল তার। এখানেও তিনি গড়েছেন অনন্য কীর্তি। একাধিক মৌসুমে অন্তত ৩৬ গোলে অবদান রাখা প্রথম ফুটবলার তিনি।

গত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিল মেসির ইন্টার মায়ামি, যা নিয়মিত মৌসুমের সেরার স্বীকৃতি। তবে ট্রফির মূল লড়াই এমএলএস কাপের প্লে-অফে প্রথম রাউন্ডেই হেরে যায় তারা। এবার নিয়মিত মৌসুমে মায়ামি হয়েছিল তৃতীয়। কিন্তু প্লে-অফে মেসির একের পর এক জাদুকরি পারফরম্যান্সে প্রথমবার এমএলএস কাপ জয়ের সাফল্যের স্বাদ পায় ক্লাবটি।

গোল-অ্যাসিস্ট মিলিয়ে প্লে-অফে ১৫ গোলে অবদান রেখে রেকর্ড গড়েন মেসি। তবে এমভিপি হয়েছেন তিনি নিয়মিত মৌসুমের পারফরম্যান্সেই।

এক মৌসুমে ১০ ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছেন তিনি। আগে যে রেকর্ড ছিল আট ম্যাচের। এছাড়াও ২৮ মে থেকে ১২ জুলাই সময়ে টানা পাঁচ ম্যাচে করেছেন একাধিক গোল। রেকর্ড সেটিও।  

এমভিপির লড়াইয়ে সংবাদমাধ্যমের কাছ থেকে ৮৩.০৫ শতাংশ ভোট পেয়েছেন মেসি, ফুটবলারদের ভোট পেয়েছেন ৫৫.১৭ শতাংশ ও ক্লাব ভোট পেয়েছেন ৭৩.০৮ শতাংশ। 

সব মিলিয়ে গড়ে ভোট পেয়েছেন তিনি ৭০.৪৩ শতাংশ। দুইয়ে থাকা স্যান ডিয়েগো এফসির ডেনিশ উইঙ্গার আনাস ড্রায়ার পেয়েছেন স্রেফ ১১.১৫ শতাংশ ভোট। 

ব্যক্তিগত সেরার স্বীকৃতি পেয়ে মেসি যথারীতি বেশি উচ্ছ্বসিত ছিলেন দলের অর্জনের জন্যই। 

“দীর্ঘ এক বছর ছিল, এত এত ম্যাচ, অনেক ভ্রমণ… তবে ক্লাবের জন্য ঐতিহাসিক এক বছরও এটি, প্রথমবার আমরা এমএলএস কাপ জিতেছি। অসাধারণ এক ক্লাব এটি, এখনও বেশ নতুন। সেই বিবেচনায় আমরা যা অর্জন করেছি, তা দারুণ, খুবই স্পেশাল।”

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটি জিতে নেয় লিগস ক্লাবের প্রথম আসরের শিরোপা, এই ক্লাবেরও যা প্রথম ট্রফি। এরপর গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড ও এবার সবচেয়ে বড় ট্রফি এমএলএস কাপ জিতে নেয় তারা। সবকটিতেই আছে মেসির জাদুর ছোঁয়া।