Published : 06 May 2026, 08:37 PM
বৈষম্যমূলক আচরণের দায়ে জানলুকা প্রেস্তিয়ান্নির ছয় ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করেছে ফিফা। ফলে ২০২৬ বিশ্বকাপের শুরুতে খেলতে পারবেন না বেনফিকার এই আর্জেন্টাইন উইঙ্গার।
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফে রেয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের উদ্দেশে ‘বৈষম্যমূলক গালি’ দেওয়ায় প্রেস্তিয়ান্নিকে এই নিষেধাজ্ঞা দেয় উয়েফা। তখন তার নিষেধাজ্ঞা ছিল শুধু উয়েফার ক্লাব প্রতিযোগিতায়। উয়েফার অনুরোধে নিষেধাজ্ঞার ব্যাপ্তি বাড়ানোর কথা বুধবার জানাল ফিফা।
ফিফার একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “ফিফা ডিসিপ্লিনারি কমিটি বেনফিকার খেলোয়াড় জানলুকা প্রেস্তিয়ান্নিকে উয়েফার দেওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।”
এই নিষেধাজ্ঞা উয়েফার ক্লাব প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য, প্রীতি ম্যাচ বা ঘরোয়া লিগের ম্যাচের ক্ষেত্রে নয়।
বিশ্বকাপের জন্য জাতীয় দলে ডাক পেলে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না প্রেস্তিয়ান্নি।
২০ বছর বয়সী এই ফুটবলারের ছয় ম্যাচের নিষেধাজ্ঞার তিনটি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়। রেয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে না পারায় ইতোমধ্যেই এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটিই ম্যাচ খেলেছেন প্রেস্তিয়ান্নি। গত বছরের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে জাতীয় দলে অভিষেক হয় তার। আর গত মাসের শুরুতে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকলেও, পুরোটা সময় বেঞ্চে কাটান তিনি।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে অন্য দুই ম্যাচে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।