স্প্যানিশ ফুটবল
Published : 29 Apr 2026, 06:49 PM
আগামী মৌসুমে আবারও রেয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে জোসে মরিনিয়োকে, গণমাধ্যমগুলোতে এমন গুঞ্জন ডালপালা মেলছে। পুরনো ঠিকানায় ফেরার খবর নিয়ে আপাতত ‘মুখে কুলুপ এঁটেছেন’ বেনফিকার বর্তমান কোচ।
বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, কোচিং পেশায় অভিজ্ঞতায় টইটুম্বুর মরিনিয়োকে রেয়ালের পরবর্তী কোচ হিসেবে পছন্দের তালিকায় সবার উপরে রেখেছেন ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। সেটা হলে আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হবেন ৬৩ বছর বয়সী পর্তুগিজ কোচ।
চউর হওয়া খবরটি নিয়ে মঙ্গলবার মরিনিয়োকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। পেরেসের সঙ্গে তার কথা হয়েছে কিনা, জানতে চাওয়া হয়। কিন্তু এনিয়ে একটি শব্দও বলেননি তিনি।
২০২৭ সালের জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তি রয়েছে মরিনিয়োর। এবারের মৌসুমের পরও ক্লাবটিতে থাকার ইচ্ছার কথা সম্প্রতি প্রকাশ করেন তিনি। এই প্রসঙ্গে বলেছিলেন, “দায়িত্ব চালিয়ে যাব নাকি বিদায় নেব, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য মৌসুম শেষ হওয়ার পর আমরা ১০ দিন সময় পাব।”
বেনফিকার কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন মরিনিয়ো, আশাবাদী দলটির মিডফিল্ডার রিচার্দ রিওস। গ্রীষ্মে মরিনিয়োর রেয়ালে ফেরার সম্ভাবনা নিয়ে কলম্বিয়ান এই আন্তর্জাতিক তারকা ‘ডায়ারিও এএস’-কে বলেন, “সত্যি বলতে আমি জানি না। আমি চাই না, তিনি চলে যান—তিনি আমার সঙ্গেই থাকুন, এটা চাই।”
২০১৩ সালে রেয়াল মাদ্রিদ ছাড়ার আগে নিজের তিন বছরের মেয়াদে ক্লাবটিকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন মরিনিয়ো। দীর্ঘ ২১ বছর আরও অনেক ক্লাবে কাজ করার পর গত সেপ্টেম্বরে বেনফিকায় ফেরেন তিনি।
মরিনিয়োর কোচিংয়ে ভালো ফুটবল খেলছে বেনফিকা। লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। তিনটি ম্যাচ বাকি থাকতে পর্তুগালের শীর্ষ লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তবে শীর্ষস্থানে থাকা এফসি পোর্তোর চেয়ে এখনো সাত পয়েন্টে পিছিয়ে তারা।