২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘পর্তুগালের জন‍্য এখনও গুরুত্বপূর্ণ রোনালদো’

আপাতত চোটের জন‍্য বাইরে থাকা ৪১ বছর বয়সী মহাতারকাকে মাঠ ও মাঠের বাইরে দলের জন‍্য বড় অনুপ্রেরণা মনে করেন পর্তুগাল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 08:13 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

বয়স হয়ে গেছে ৪১। সমসাময়িকদের প্রায় সবাই সেই কবে তুলে রেখেছেন বুট জোড়া। তবে এখনও পর্তুগালের জন‍্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই মহাতারকাকে মাঠ ও মাঠের বাইরে দলের জন‍্য বড় অনুপ্রেরণা মনে করেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেসও।

হ‍্যামস্ট্রিংয়ের সমস‍্যায় কিছু দিন ধরে মাঠের বাইরে আছেন। তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ আসরে খেলবেন তিনি। যথারীতি নেতৃত্ব দেবেন পর্তুগালকে। রোনালদোর মাঠে ফেরার অপেক্ষায় থাকার কথা বললেন কোচ মার্তিনেস। 

“ক্রিস্তিয়ানো আমাদের অধিনায়ক। একজন রোল মডেল এবং সত‍্যিকারের ক্ষুধার্ত একজন খেলোয়াড়।”  

“সে কেবল ৪১ বছর বয়সী একজন খেলোয়াড় নয়; এমন একজন খেলোয়াড় যে প্রতিদিন উন্নতি করার জন‍্য ক্ষুধার্ত থাকে। অনুকরণীয় অধিনায়ক হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে এবং সে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা। সে এমন একজন, যে আমাদের পথ দেখায় এবং আমাদের মূল‍্যবোধকে তুলে ধরে।”

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ। সব মিলিয়েও ইতিহাসে সবচেয়ে বেশি গোল তারই। সময়ের সঙ্গে যেন আরও ধারাল হয়ে উঠছেন তিনি। তার সাম্প্রতিক পারফরম‍্যান্স সামনে আনলেন মার্তিনেস।   

“সে সবশেষ ৩০ ম‍্যাচে ২৫ গোল করেছে। আমরা খেলোয়াড়দের মূল‍্যায়ন করি প্রতিদিন, প্রতি সেশনের ভিত্তিতে। সবার জন‍্যই জাতীয় দলের মান সবার উঁচুতে।”

সৌদি প্রো লিগে ক্লাবের হয়ে খেলার সময় হ‍্যামস্ট্রিংয়ে চোট পান রোনালদো। সেই কারণে এবারের দুই আন্তর্জাতিক ম‍্যাচের জন‍্য জাতীয় দলে নেই তিনি। আপাতত আলাদাভাবে অনুশীলন করছেন আল নাস্রর ফরোয়ার্ড। শিগগির তিনি মাঠে ফিরতে পারেন বলে জানালেন মার্তিনেস।

“তার চোট ছোট এবং সম্ভবত সে আগামী সপ্তাহে অনুশীলন ও খেলায় ফিরবে। এটা গুরুতর কিছু নয়। ক্রিস্তিয়ানো আমাদের অধিনায়ক এবং খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে নেশন্স লিগে আমাদের অধিনায়ক ছিল এবং দারুণ মুভমেন্টে দলের আক্রমণভাগে অনেক বড় ভূমিকা পালন করেছে।”

২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত ২২৬ ম‍্যাচে করেছেন ১৪৩ গোল। ফুটবল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে এখনও কোনো আভাস দেননি তিনি। জানা নেই পর্তুগাল কোচেরও। 

“তার ক‍্যারিয়ারের সমাপ্তি? আমরা জানি না। এটা বলা কঠিন। রোনালদোর ভবিষ‍্যৎ নিয়ে অনুমান না করাই ভালো, এটা আমি দ্রুতই বুঝেছি। এই মুহূর্তে সে সেরা হওয়ার দিকে মনোযোগ দিচ্ছে এবং সে এমনই। সে ভবিষ‍্যৎ নিয়ে পরিকল্পনা করে না।”