‘জয়ের জন্যই নামব’, বাংলাদেশ ম্যাচ সামনে রেখে নেপাল কোচ
সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশের আর ম্যাচ না খেলাকে নিজেদের জন্য ‘প্লাস পয়েন্ট’ বলে মনে করেন নেপাল কোচ।
নেপাল অধিনায়ক বললেন, ‘ফল মুখ্য নয়’। প্রসঙ্গটি পাড়তেই কোচ অনন্ত থাপা বুঝিয়ে দিলেন, অধিনায়ক যা বলেছেন, তা স্রেফ সৌজন্যতা কিংবা কথার কথা। বাংলাদেশ থেকে জয় নিয়ে ঘরে ফেরাই যে একমাত্র লক্ষ্য, তা স্পষ্ট করে বললেন নেপাল কোচ।
দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্টেডিয়ামে বেলা সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
গত বছর সেপ্টেম্বরে সাফের ফাইনালে ৩-১ গোলে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামের ওই ম্যাচের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।
যদিও বুধবার সংবাদ সম্মেলনে নেপালের অধিনায়ক আঞ্জিলা সুবার কণ্ঠে প্রতিশোধের সুর ধ্বনিত হলো না। সাবিত্রা ভান্ডারির আক্রমণভাগে ফেরা, শেখার প্রক্রিয়ায় থাকা নিয়েই কথা বললেন তিনি।
“প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ভালো একটা দল আছে এবং আক্রমণভাগে খুবই ভালো স্ট্রাইকার সাবিত্রা ভাণ্ডারি আছে। ভালো মানের জুনিয়র খেলোয়াড়ও আমাদের আছে। ফল যেটাই হোক, সেটা মুখ্য নয়। শেখার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা এবং শেখার প্রক্রিয়া কখনও শেষ হয় না। এই দুই ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিব।”
অধিনায়কের পাশে বসে কোচ অনন্ত আড়াল করলেন না নিজের চাওয়া। স্রেফ এশিয়ান গেমসের প্রস্তুতি নয়, বাংলাদেশকে হারানোই যে মূল লক্ষ্য তাও জানালেন স্পষ্ট করে।
“অধিনায়ক বিনয়ের সঙ্গে কথাটি বলেছে (ফল কোনো বিষয় নয়), কিন্তু সত্যি হচ্ছে, যখন আপনি খেলতে নামবেন, সেটা প্রীতি ম্যাচ হলেও আপনার চূড়ান্ত লক্ষ্য থাকবে জয় পাওয়া। অবশ্যই বাংলাদেশ খুবই ভালো দল এবং গত কয়েক বছরে তারা মেয়েদের ফুটবলে ভীষণ ভালো করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে; আমাদের মান এবং আমরাও যে ভালো দল, সেটা দেখাতে এগুলো আমাদের জন্য সেরা প্রীতি ম্যাচ হবে।”
অসুস্থতার কারণে সাফের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি নেপালের তারকা ফরোয়ার্ড সাবিত্রা। দলের সর্বোচ্চ গোলদাতা ফেরায় আশাবাদী অনন্ত।
“সাফের ফাইনালে আমরা মূল স্ট্রাইকার সাবিত্রা ভাণ্ডারিকে পাইনি ডেঙ্গুর কারণে, এখন সে ফিরেছে। প্রীতি রায়ের চোট ছিল, সেও ফিরেছে। এখন দলের মান তখনকার চেয়ে অনেক ভালো। এখন দলের স্পিরিট ভালো এবং আমরা অবশ্যই জয়ের চেষ্টা করব এবং আমাদের যে পরিকল্পনা, সেটা মাঠে প্রয়োগের চেষ্টা করব।”
সাফের পর চারটি ম্যাচ খেলেছে নেপাল। কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। বিষয়টি নিজেদের জন্য ‘প্লাস পয়েন্ট’ বলে মনে করেন অনন্ত।
“এটা (বাংলাদেশের প্রথম খেলা) আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট। আমরা সাফের পর ভারতের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলেছি, নিজেদের মান উন্নত করার জন্য দুটি দারুণ ম্যাচ ছিল। পরে ভিয়েতনামের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি, সেটাও আমাদের শেখার জন্য দারুণ প্ল্যাটফর্ম ছিল। আপনি যত ম্যাচ খেলবেন, সেটা নিশ্চিতভাবেই আপনার খেলার মান উন্নত করবে; খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিবে।”
