২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতীত সাফল্যে’ টিকে আছেন ক্লপ!

দলের টানা বাজে পারফরম্যান্সে চাপ বাড়ছে লিভারপুল কোচের ওপর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 08:37 PM

Updated : 03 Apr 2023, 08:37 PM

প্রিমিয়ার লিগে যেন কোচ ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। চলতি মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে এখনও পর্যন্ত চাকরি হারিয়েছেন রেকর্ড ১২ জন কোচ। দলের টানা ব্যর্থতার পরও লিভারপুলের ডাগ আউটে অবশ্য বহাল তবিয়তে আছেন ইয়ুর্গেন ক্লপ। এই জার্মান কোচের মতে, দলের অতীত সাফল্যের কারণেই এখনও অ্যানফিল্ডে টিকে আছেন তিনি। 

লেস্টার সিটি রোববার বরখাস্ত করে কোচ ব্রেন্ডন রজার্সকে। এর কয়েক ঘন্টা পরই গ্রাহাম পটারকে ছাঁটাই করে চেলসি। গত মাসের শেষ দিকে আন্তোনিও কন্তের চুক্তি বাতিল করে টটেনহ্যাম হটস্পার। 

প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি ১২ কোচ ছাঁটাইয়ের নতুন রেকর্ড হয়েছে এবার। এর আগে সর্বোচ্চ ১০ জন করে কোচের চাকরি হারানোর নজির ছিল ভিন্ন চার মৌসুমে। 

ক্লপের কোচিংয়ে লিভারপুলের সময়টা এই মৌসুমে মোটেও ভালো কাটছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে তারা। এরই মধ্যে ছিটকে গেছে লিগ কাপ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে। 

প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা আছে আট নম্বরে। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ৮ পয়েন্টে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৩০ পয়েন্টে। 

আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলাই এখন ঘোর শঙ্কায়। ক্লপ ভালো করেই জানেন, আগের মৌসুমগুলির সাফল্যই এখনও তার চাকরি টিকিয়ে রেখেছে। 

“এখানে এটি যদি আমার প্রথম মৌসুম হতো, তাহলে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত। বিষয়টি সম্পর্কে আমি অবগত যে, অতীতের কারণে এখানে আছি, আমরা এই মৌসুমে যা করেছি তার জন্য নয়।” 

ক্লপ লিভারপুলের দায়িত্ব নেন ২০১৫ সালে। ক্লাবের তিন দশকের খরা কাটিয়ে ২০১৯-২০ মৌসুমে জেতান লিগ শিরোপা। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগসহ আরও বেশ কিছু শিরোপা দলটি জিতেছে তার সাড়ে সাত বছরের অধ্যায়ে। 

চেলসির বিপক্ষে মঙ্গলবারের লিগ ম্যাচ সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে ক্লপ বললেন, লিভারপুলের ‘স্মার্ট’ মালিকপক্ষ বর্তমান পরিস্থিতি বুঝতে পারছে। এখান থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে বলে মনে করেন তিনি।