২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

পর্তুগাল শিবিরে চোটের ছোবল, ইউনাইটেডের জন্যও দুর্ভাবনার

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে ডিফেন্ডার দিয়োগো দালোতকে পাচ্ছে না পর্তুগিজরা।

পর্তুগাল শিবিরে চোটের ছোবল, ইউনাইটেডের জন্যও দুর্ভাবনার
দিয়োগো দালোত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 10:59 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বিশ্বকাপ বাছাইয়ে লড়াই শুরুর একদিন আগে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়েছে পর্তুগাল। চোটের থাবায় আসছে দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলটির ডিফেন্ডার দিয়োগো দালোত।

ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ ম্যাচেও ৯০ মিনিট খেলেন দালোত। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা সেই লড়াইয়ে বার্নলিকে ৩-২ গোলে হারায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পর্তুগাল দলের সঙ্গে যোগ দেন দালোত। কিন্তু শুক্রবার আর্মেনিয়া ও মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। পেশির চোটের কারণে ম্যানচেস্টারে ফিরে যাচ্ছেন ২৬ বছর বয়সী ফুটবলার।

পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন দালোত। ২০২২ বিশ্বকাপে দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি, মাঠে ছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে।

দালোতের চোট বড় ধাক্কা হয়ে এসেছে ইউনাইটেডের জন্যও। কারণ এরই মধ্যে ফিটনেসের সমস্যায় ভুগছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুইয়া ও ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট।

বার্নলির বিপক্ষে সবশেষ ম্যাচের প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান কুইয়া। পরে ৩১তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ হুবেন অ্যামুরি। ওই ম্যাচে প্রথমার্ধের পর আর মাঠে নামেননি মাউন্ট।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।