সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার সামনে ডর্টমুন্ড
এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বেও মুখোমুখি হয়েছিল দল দুটি।
বেনফিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছিল আগের দিনই। এবার চূড়ান্ত হলো তাদের প্রতিপক্ষ। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রাতে লিলকে ২-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে উঠেছে ডর্টমুন্ড।
প্রথম লেগে ১-১ ড্রয়ের পর এদিন লিলের মাঠে পঞ্চম মিনিটেই গোল খেয়ে বসে ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে দুই গোল করে জয় তুলে নেয় জার্মান ক্লাবটি।
আগের দিন বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বেও দেখা হয়েছিল বার্সেলোনা ও ডর্টমুন্ডের। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৩-২ গোলে জিতেছিল হান্সি ফ্লিকের বার্সেলোনা।
প্রথম পর্বে ৩৬ দলের মধ্যে দুইয়ে থেকে নকআউট পর্বে ওঠে বার্সেলোনা। ৮ ম্যাচের ৬টিতে জেতে তারা, ড্র ও হার একটি করে।
ডর্টমুন্ড অবশ্য শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় উঠতে পারেনি। পাঁচ জয়ে ১০ নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে তারা। দুই লেগের প্লে-অফে স্পোর্তিং লিসবনের বিপক্ষে ৩-০ গোলের অগ্রগামিতায় তারা শেষ ষোলোয় জায়গা করে নেয়।
গত আসরের ফাইনালে রেয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছিল ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। ২০১৩ সালের পর তাদের প্রথম ফাইনাল ছিল সেটি।
বার্সেলোনা সবশেষ ফাইনাল খেলেছে ২০১৫ সালে, পাঁচ শিরোপার সবশেষটি সেবারই তারা জিতেছিল ইউভেন্তুসকে হারিয়ে।
প্রতিযোগিতাটিতে ডর্টমুন্ডের বিপক্ষে সব মিলিয়ে তিনবারের দেখায় কখনও হারেনি বার্সেলোনা। ২০১৯-২০ মৌসুমে গ্রুপ পর্বে ডর্টমুন্ডে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল তারা।
