১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে কে কার মুখোমুখি

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেল।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে কে কার মুখোমুখি
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 05:23 AM

Updated : 26 Aug 2026, 12:00 PM

চার দলের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত হয়েছিল আগের দিন। বুধবার একে একে এই তালিকায় যুক্ত হয় তিন দল। অপেক্ষা ছিল একটি দলের। রুদ্ধশ্বাস টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে আট নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল রেয়াল মাদ্রিদ। চূড়ান্ত হয়ে গেল এই ধাপের লাইনআপও। 

২০২৪-২৫ আসরের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান।

প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

নকআউট পর্বের প্রথম ধাপে বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা।

বুন্ডেসলিগার প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে ওঠে ছয়বারের শিরোপা জয়ীরা। 

দুই লেগ মিলিয়ে ফেইনুর্ডকে ৪-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর টাইব্রেকারে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি।

লিলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পায় ডর্টমুন্ড। ক্লাব ব্রুজের বিপক্ষে দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলার জয় ৬-১ গোলে। পিএসভি আইন্দহোভেনকে প্রথম লেগে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ফিরতি লেগে ড্র করে ২-২-এ। 

আর আতলেতিকোর বিপক্ষে ফিরতি লেগে ১-০ গোলে হেরেও, দুই লেগ মিলিয়ে ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলের নাটকীয় জয় পায় শিরোপাধারী রেয়াল মাদ্রিদ।

শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড

বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান

পিএসজি-অ্যাস্টন ভিলা

আর্সেনাল-রেয়াল মাদ্রিদ

টাইব্রেকারে বিতর্কের জন্ম, অবিশ্বাস্য জয়ে শেষ আট রেয়াল মাদ্রিদ

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার সামনে ডর্টমুন্ড