২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েক সপ্তাহের জন্য’ মাঠের বাইরে লুক শ

মালাসিয়া ও মাউন্টের চোটের পর এবার লুক শকে হারিয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 01:13 PM

Updated : 25 Aug 2023, 01:13 PM

মৌসুমের শুরুতেই চোটে জেরবার হওয়ার অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডের। তাইরেল মালাসিয়া ও ম্যাসন মাউন্টের চোটের পর এবার তারা আরও বড় ধাক্কা খেল। পেশির চোটে বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলে লুক শ। 

তার চোটের অবস্থা এখনও পর্যালোচনা করা হচ্ছে। তবে বেশ কিছু ম্যাচে যে তাকে পাওয়া যাবে না, তা এর মধ্যেই নিশ্চিত করেছে ক্লাব। 

এই ডিফেন্ডারের চোট কোচ এরিক টেন হাগের জন্য নিশ্চিতভাবেই হবে মাথাব্যথার কারণ। ২৮ বছর বয়সী ডিফেন্ডারের ওপর কোচের ভরসা ও নির্ভরতা অনেক। এবারও মৌসুমের শুরুর দুই ম্যাচে একাদশে ছিলেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ম্যাচ ইউনাইটেডের। এরপর তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আর্সেনালের মাঠে। 

এই দুই ম্যাচে মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে না পাওয়া নিশ্চিত হয়েছে আগেই। এবার যোগ হলো শকে না পাওয়ার ধাক্কা। আগের মৌসুমে পাওয়া চোট থেকে সুস্থ হতে না পারায় এখনও মাঠের বাইরে আছেন আরেক ডিফেন্ডার মালাসিয়া। 

লিগের প্রথম ম্যাচে এবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচেই ইউনাইটেড ২-০ গোলে হেরে যায় টটেনহ্যাম হটস্পারের মাঠে।