ম্যানচেস্টার সিটির হোঁচটে চ্যাম্পিয়ন আর্সেনাল
২২ বছরের খরা ঘুচিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল।
শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জিততেই হতো ম্যানচেস্টার সিটির। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর, মরিয়া হয়ে চেষ্টা করল তারা। সুযোগ পেল ঢের, শেষ সময়ে গিয়ে একটি গোলও পেল দলটি। কিন্তু তা যথেষ্ট হলো না। তাদের হোঁচটে ২২ বছরের খরা ঘুচিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল।
ভাইটালিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ হয়ে গেল পেপ গুয়ার্দিওলার দলের। ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ার পর, সমতা টানেন আর্লিং হলান্ড।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি। এবার স্কোরলাইনে হার এড়াতে পারলেও, এই ড্র তাদের জন্য অনেক বড় হতাশার। খুব কাছে গিয়েও যে আরেকটি ট্রফিতে চুমু আঁকা হলো না।
আগের দিন বার্নলিকে হারানোর পর, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা কোনো রাখঢাক না করেই বলেন, সিটির বিপক্ষে ম্যাচে তিনিই বোর্নমাউথের ইতিহাসের ‘সবচেয়ে বড় সমর্থক’ থাকবেন। তার চাওয়া পূরণ হলো, দীর্ঘ প্রতীক্ষার পালা ফুরাল আর্সেনালের।
এর আগে সবশেষ ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ‘গানার’ খ্যাত দলটি।
৩৭ রাউন্ড শেষে ২৫ জয় ও সাত ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হলো আর্তেতার দলের। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
ম্যাচ শুরুর আগমুহূর্তে টিভি ক্যামেরায় ধরা পড়লেন এক সিটি সমর্থক, যিনি এক টুকরো কাপড়ে ‘পেপ স্টে (পেপ গুয়ার্দিওলা থাকুন)’ লিখে উঁচিয়ে ধরেন। দুই দিন ধরে ইংলিশ গণমাধ্যমে খবর আসছে, আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে বর্ণাঢ্য সিটি অধ্যায়ের ইতি টানবেন এই স্প্যানিশ কোচ।
খবরটি সত্যি হলে, বলা যায় সিটির ইতিহাসে এক সাফল্যে ভরা অধ্যায়ের শেষ হবে, যার রূপকার এই স্প্যানিশ কোচ। যদিও এই হোঁচটে এখানে তার একদম শেষটা শিরোপায় রাঙানো হচ্ছে না।
ম্যাচের পঞ্চম মিনিটেই ডি-বক্সে ভালো পজিশনে বল পান জেরেমি ডোকু, কিন্তু তার দুর্বল শট গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ছয় মিনিট পর, হলান্ডের থ্রু বল ধরে জালে পাঠান অ্যান্টোয়ান সেমেনিও; কিন্তু অফসাইডে ছিলেন তিনি।
প্রথম আধা ঘণ্টায় প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি সিটি। এমনকি, তারা লিগে ১৬ ম্যাচে অপরাজিত থেকে খেলতে নামা বোর্নমাউথের জমাট রক্ষণই ভাঙতে পারছিল না।
উল্টো ৩৯তম মিনিটে প্রতিপক্ষের এক পাল্টা আক্রমণে পিছিয়ে পড়ে সিটি। বাঁ দিক থেকে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে, প্রায় ১৭ গজ দূর থেকে চমৎকার বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড ইলি জুনিয়র কোপি।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানার সুবর্ণ সুযোগ পেয়েও হতাশ করেন নিকো ও’রাইলি। হলান্ডের পাস ডি-বক্সে পান তিনি, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক; তরুণ ইংলিশ ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন তিনি।
৫১তম মিনিটে আবার গোল খেতে বসে সিটি। তবে এভানিলসনের শট আটকে ব্যবধান বাড়তে দেননি জানলু্ইজি দোন্নারুম্মা।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে জয় নিশ্চিত করার দারুণ সুযোগ পান ডেভিড ব্রুকস, কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও দুর্বল শট নিয়ে হতাশ করেন তিনি। পরের মিনিটে আবারও দোন্নারুম্মাকে একা পান ওয়েলসের এই উইঙ্গার, এবার তিনি মারেন পোস্টে।
যোগ করা সময়ের কয়েক মিনিটে যেন শেষ কামড় দিতে আরও মরিয়া হয়ে ওঠে সিটি। ডি-বক্সের ঠিক বাইরে রদ্রি ফাউলের শিকার হওয়ায় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক রক্ষণ দেয়ালে বাধা পেলেও, আক্রমণ জিইয়ে থাকে, এবং পরমুহূর্তে রদ্রির শট বাধা পায় পোস্টে।
এরপরও বল থাকে সিটির পায়ে। জোরাল শট নেন হলান্ড, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে লুটোপুটি খায়। কিন্তু তাদের কারো মুখে কোনো হাসি ছিল না, সময় যে ফুরিয়ে আসছিল। শেষ পর্যন্ত হলান্ডদের মুখে হাসি আর ফেরেনি।
এই ড্রয়ে ১২৭ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত হয়েছে বোর্নমাউথের। আগামী মৌসুমে অন্ততপক্ষে ইউরোপা লিগে খেলবে তারা, চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও তাদের টিকে আছে এখনও।
টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত দলটি ৫৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
