২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ খেলোয়াড় নয়, উইমেন’স সাফ জয়ী দল পাবে একুশে পদক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

অনেক চিঠি চালাচালির পর সুরাহা হলো। ২০২৪ উইমেন’স সাফ জয়ী দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে মন্ত্রণালয় চেয়েছিল নেপালকে ফাইনালে হারানো ম্যাচে সেরা একাদশে থাকা ১১ জন খেলোয়াড়কে এই পুরস্কার দিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে পাঠানো হয় খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ সবার নাম। এরপর শুরু হয় চিঠি চালাচালি। তাতে পথ খুলেছে দলের সবার এই স্বীকৃতি পাওয়ার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেক সাক্ষরিত প্রজ্ঞাপণে ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “দলের পক্ষে একজন মঞ্চে প্রধান উপদেষ্টার নিকট হতে পদক গ্রহনের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম’ সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টিও। মঞ্চে উঠতে না পারলেও বাকিরাও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে।

নেপালকে হারিয়ে ২০২২ সালে প্রথম উইমেন’স সাফ জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে একই দলের বিপক্ষে জিতে মুকুট ধরে রাখে মেয়েরা। দুই আসরেই বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাবিনা খাতুন।

মঞ্চে সাবিনার সাথে বিকল্প একজন কে হবেন, সে ব্যাপারে যোগাযোগ করা হলে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উইমেন’স সাফ জয়ী দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দার নাম পাঠিয়েছেন তারা।