২০২৫ সালে দলবদলে খরচ রেকর্ড ১ হাজার ৩০৮ কোটি ডলার
প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে খরচের অঙ্ক হাজার কোটি ডলার স্পর্শ করেছে।
ফুটবলারদের দলবদলে অর্থের দাপট বেড়েই চলেছে। ২০২৫ সালে খেলোয়াড় কেনা-বেচায় খরচ হয়েছে আকাশচুম্বী। এতে ভেঙে গেছে অতীতের সব রেকর্ড।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বুধবার প্রকাশ করে গ্লোবাল ট্রান্সফার রিপোর্ট। পুরুষদের ফুটবলে ২০২৫ সালে ক্লাবগুলোর মধ্যে আন্তর্জাতিকভাবে ২৪ হাজার ৫৫৮ খেলোয়াড়ের দলবদল হয়েছে, এজন্য মোট খরচের পরিমাণ এক হাজার ৩০৮ কোটি ডলার।
এই প্রথম এক পঞ্জিকাবর্ষে খরচের অঙ্ক হাজার কোটি ডলার স্পর্শ করল। আগের রেকর্ড ছিল ২০২৩ সালে ৯৬৬ কোটি ডলার।
কোনো একক দেশের খরচ হিসাব করলে সবচেয়ে বেশি ব্যয় করেছে ইংল্যান্ড। খেলোয়াড় কিনতে ইংলিশ ক্লাবগুলো খরচ করেছে ৩৮২ কোটি ডলার।
পুরুষ ও নারীদের পেশাদার ও অপেশেদার ফুটবল মিলিয়ে ২০২৫ সালে আন্তর্জাতিকভাবে মোট ৮৬ হাজার ১৫৮ খেলোয়াড়ের দলবদল হয়েছে, এটিও রেকর্ড।
নারীদের ফুটবলে ২০২৫ সালে দুই হাজার ৪৪০ খেলোয়াড়ের দলবদল হয়েছে। আগের বছরের চেয়ে যা ৬ শতাংশ বেশি। মোট খরচ হয়েছে দুই কোটি ৮৬ লাখ ডলার, ২০২৪ সালের চেয়ে যা ৮০ শতাংশ বেশি।
