বিশ্বকাপের বাকি ২৮ দিন: অপরাজেয় যত দল
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ২৮ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ নজর দেওয়া যাক এমন কিছু দলের ওপর, বিশ্বকাপের মঞ্চে যারা থেকেছে অপরাজিত।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৮টি দল অপরাজিত থেকে আসর শেষ করেছে। আর ২২টি শিরোপাজয়ী দলের মধ্যে ১৭টি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
যে পাঁচটি চ্যাম্পিয়ন দল তা করতে পারেনি, সেগুলো হলো- ১৯৫৪ আসরের পশ্চিম জার্মানি (হাঙ্গেরির বিপক্ষে হেরেছিল ৮-৩ গোলে), ১৯৭৪ আসরের পশ্চিম জার্মানি (পূর্ব জার্মানির বিপক্ষে হেরেছিল ১-০ গোলে), ১৯৭৮ আসরের আর্জেন্টিনা (ইতালির বিপক্ষে হেরেছিল ১-০ গোলে), ২০১০ আসরের স্পেন (সুইজারল্যান্ডের বিপক্ষে হেরেছিল ১-০ গোলে) ও ২০২২ আসরের আর্জেন্টিনা (সৌদি আরবের বিপক্ষে হেরেছিল ২-১ ব্যবধানে)।
এখন পর্যন্ত চারটি দল কোনো ম্যাচ না হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে: ১৯৭৪ সালে স্কটল্যান্ড, ১৯৮২ সালে ক্যামেরুন, ১৯৯৮ সালে বেলজিয়াম ও ২০১০ আসরে নিউ জিল্যান্ড। এর মধ্যে স্কটিশরা একটি ম্যাচ জয়ের পরও পরের ধাপে উঠতে পারেনি।
২০০৬ সালের জার্মানি আসরে সবচেয়ে বেশি অপরাজেয় দলের দেখা মিলেছে: আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড।
২০ বছর আগের সেই আসরে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে সুইজারল্যান্ড কোনো গোল হজম না করেই বিদায় নেয় (শেষ ষোলোয় ইউক্রেইনের বিপক্ষে টাইব্রেকারে হেরে)।
