২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদী আচরণের জন্য দর্শককে বের করে দেওয়ায় সেভিয়াকে ভিনিসিউসের ধন্যবাদ

রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লক্ষ্য করে এবার এক শিশুও বর্ণবাদী আচরণ করেছে।

বর্ণবাদী আচরণের জন্য দর্শককে বের করে দেওয়ায় সেভিয়াকে ভিনিসিউসের ধন্যবাদ

ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 05:19 PM

Updated : 22 Oct 2023, 05:19 PM

লা লিগার ম্যাচে আবারও দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। তবে অভিযোগ পাওয়ার পর দ্রুত এক দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সেভিয়ার প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেভিয়ার মাঠে রোববার রেয়ালের ১-১ ড্র ম্যাচে ঘটে ওই ঘটনা। ম্যাচের শেষ দিকে ভিনিসিউস সেভিয়ার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার পর তার দিকে বর্ণবাদী অঙ্গভঙ্গি করেন এক দর্শক৷

লা লিগার ম্যাচে ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণ আগেও খবরের শিরোনাম হয়েছে নানা সময়ে। গত মে মাসে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে তাকে বর্ণবাদী আক্রমণের ঘটনায় ৩ ব্যক্তিকে শাস্তি দেয় স্পেনের রাষ্ট্রীয় কমিশন।

শনিবারের ম্যাচের পরপরই সেভিয়া বিবৃতি দিয়ে জানায়, ‘জেনোফোবিক’ এবং ‘বর্ণবাদী আচরণ’ করা একজন দর্শককে শনাক্ত করে তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় এবং আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

“সেভিয়া সমস্ত বর্ণবাদী এবং জেনোফোবিক আচরণের নিন্দা করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব।”

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভিয়ার প্রশংসা করেন ভিনিসিউস। একই সঙ্গে তিনি আরও একটি ভিডিও দেখার কথা জানান। সেই ভিডিও তার প্রতিনিধিদের থেকে পাওয়ার কথা জানিয়ে ফুটবল ওয়েবসাইট ইএসপিএন লিখেছে, ভিডিওতে দেখা যায় অন্য একজন তরুণ সমর্থক ভিনিসিউসকে বর্ণবাদী গালি দিচ্ছে। ভিনিসিউস তার প্রতিক্রিয়াতেও তুলে ধরেন বিষয়টি।

“স্প্যানিশ ফুটবলের জন্য আরেকটি দুঃখজনক ঘটনায় দ্রুত কাজ করার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য সেভিয়াকে অভিনন্দন। দুর্ভাগ্যক্রমে শনিবারের ম্যাচে আরেকটি বর্ণবাদী আচরণের ভিডিও আমি পেয়েছি, এই আচরণ একজন শিশু করেছে। খুবই দুঃখজনক যে, তাকে শিক্ষিত করার মতো কেউ নেই। ব্রাজিলে শিক্ষায় বিভিন্ন মনোভাবসহ নাগরিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি বিনিয়োগ করি, আমি অনেক বিনিয়োগ করি।”

“আজকের বর্ণবাদীর চেহারাটি অন্যান্য ঘটনার মতো ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আশা করি, স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করবে এবং আইনে পরিবর্তন আনবে। এই লোকদেরও শাস্তি হওয়া দরকার।”

গত মৌসুমে লা লিগায় ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের আটটি ঘটনা নথিভুক্ত হয়। যদিও বেশ কয়েকটি ঘটনায় স্থানীয় প্রসিকিউটররা অভিযুক্ত না করার সিদ্ধান্ত নেয়।