‘নেপালের বিপক্ষে সুযোগ পেলেই কাজে লাগাতে হবে’
ফাইনালে গোলের জন্য নির্দিষ্ট কারো দিকে তাকিয়ে থাকতে চান না তহুরা-ঋতুপর্ণারা।
ভারত ম্যাচে করেছিলেন জোড়া গোল, ভুটান ম্যাচে হ্যাটট্রিক। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ছায়ায় থাকা তহুরা খাতুন এবার পাদপ্রদীপের আলোয়। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোখে অবশ্য টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বপ্নের আঁকিবুকি নেই, সেরা খেলোয়াড় হওয়ার প্রবল তাড়নাও নেই। তার দৃষ্টি শুধু দলীয় সাফল্যের দিকে।
আক্রমণভাগের বাকিদের মনোভাবও তহুরার মতোই। চলমান আসরে এ পর্যন্ত বাংলাদেশ গোল করেছে ১১টি। এর পাঁচটি তহুরার, দুটি সাবিনা খাতুনের, একটি করে গোল আছে শামসুন্নাহার জুনিয়র, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা ও শিউলি আজিমের। এদের মধ্যে আফিদা ও শিউলি ডিফেন্ডার।
দুই বছর আগের আসরে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাবিনা। কৃষ্ণা ও স্বপ্না করেছিলেন ৪টি করে গোল। এবার সেরা একাদশে অনিয়মিত কৃষ্ণা গোলের খাতা খুলতে পারেননি। অধিনায়ক সাবিনা ভুটান ম্যাচে আঁচড় ফেলেছেন দুইবার। তবে নিজের কম গোল নিয়ে কোনো আক্ষেপ নেই তার। দলের প্রয়োজনে গোলের নেপথ্যের কারিগর হতে পারলেই খুশি তিনি।
আসরে গোলদাতার তালিকায় অবশ্য আধিপত্য চলছে ভুটান ও নেপালের দুজনের। প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের কাছে ৭-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ম্যাচে ভুটানের একমাত্র গোলটি করেন ডেকি লেহাজম; এই ফরোয়ার্ডের গোল ৮টি।
স্বাগতিক নেপালের রেখা পোডেল লক্ষ্যভেদ করেছেন সাতবার। ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে দুটি হলুদ কার্ড দেখা এই ফরোয়ার্ড খেলতে পারবেন না বাংলাদেশের বিপক্ষে ফাইনালে। যদিও সামনে দারুণ প্রাপ্তির সুযোগ আছে, তবে তহুরার কাছে প্রাধান্য পাচ্ছে দলীয় সাফল্য।
“সেরা গোলদাতা হওয়া নিয়ে একেবারেই ভাবছি না। এগুলো নিয়ে আমি তেমন ভাবি না। যদি শুরু থেকে খেলি, শুরু থেকে শতভাগ দিয়ে চেষ্টা করব সুযোগ পেলে কাজে লাগাতে; বাকিটা উপরওলার ইচ্ছা।”
সাফে প্রথম হ্যাটট্রিক পাওয়া এই ফরোয়ার্ড নেপালের বিপক্ষে ফাইনালেও নিজের সবটুকু নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।
“প্রতিটি ম্যাচে আমাদের প্রতিটি খেলোয়াড় শুরু থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। দলের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে বলে আমি ভুটানের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছি। ফাইনালেও চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর।”
গত সাফে চার গোল করাদের মধ্যে সিরাত জাহান স্বপ্না গেছেন অবসরে। কৃ্ষা রাণী সরকার নেই ছন্দে। পায়ের পাতার চোট কাটিয়ে ফেরার পর এখনও সেরা একাদশে নিয়মিত নন তিনি। বাটলার অবশ্য তহুরার পাশাপাশি আস্থা রাখছেন সাগরিকার ওপর। এই ফরোয়ার্ডও জানালেন, সুযোগ মেলে বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন তিনি।
“এখনও সাফে কোনো গোল পাইনি। তবে এ নিয়ে দুঃখ নেই, যেহেতু দল উঠেছে ফাইনালে। এখন আমাদের একটাই লক্ষ্য, যেই সুযোগ পাবে, যখন সুযোগ পাবে, সেটা কাজে লাগানোর।”
পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে হার এড়ানো শামুসুন্নাহার জুনিয়র ভুটানের বিপক্ষে খেলেননি। গত আসরের ফাইনালে দারুণ সাইড ভলিতে লক্ষ্যভেদ করা এই ফরোয়ার্ড বললেন, বড় মঞ্চে সেরাটা নিংড়ে দেওয়ার অপেক্ষায় আছেন তিনিও।
“পায়ে তেমন ব্যাথা নেই। আশা করছি, নেপালের বিপক্ষে ফাইনালে খেলতে পারব। যদি সুযোগ পাই, অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করব। কেননা, আমরা যারা ফরোয়ার্ডে খেলি, তাদের কাছে দলের একটাই চাওয়া, সেটা গোল।”
গোল এনে দেওয়ার মতো অনেকেই আছে আক্রমণভাগে। সাগরিকা, মারিয়া মান্দা, মনিকা চাকমারও আছে ঝলক দেখানোর সামর্থ্য। ভুটান ম্যাচে গোল পাওয়া ঋতুপর্ণা চাকমা অবশ্য ফাইনালে গোলের জন্য নির্দিষ্ট কারো দিকে তাকিয়ে থাকতে চান না।
“আমাদের অনেকেই গোল করতে পারে। ডিফেন্ডারও গোল দিতে পারে। ফাইনালে যেই সুযোগ পাবে, তাকেই কাজে লাগাতে হবে।”
