১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধারে বার্সেলোনায় যোগ দিলেন র‍্যাশফোর্ড

চাইলে ইংলিশ এই ফরোয়ার্ডকে কিনে নিতে পারবে লা লিগা চ‍্যাম্পিয়নরা।

ধারে বার্সেলোনায় যোগ দিলেন র‍্যাশফোর্ড
মার্কাস র‍্যাশফোর্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

আক্রমণভাগে শক্তি আরও বাড়াল বার্সেলোনা। ম‍্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে মার্কাস র‍্যাশফোর্ডকে কাম্প নউয়ে নিয়ে এলো লা লিগা চ‍্যাম্পিয়নরা। 

দুটি ক্লাব বুধবার ইংলিশ ফরোয়ার্ডের দলবদলের খবর জানিয়েছে। 

কোনো ক্লাবই আর্থিক ব‍্যাপার খোলাসা করেনি। তবে গণমাধ‍্যমগুলোর খবর, র‍্যাশফোর্ড বেতন কমাতে রাজি হওয়ার পর বার্সেলোনা চলতি মৌসুমে তার সম্পূর্ণ বেতন বহন করতে রাজি হয়েছে। এই উইঙ্গারকে কিনে নেওয়ারও সুযোগ থাকছে, এতে আনুমানিক ৩ কোটি ইউরোর মতো খরচ হতে পারে। 

বার্সেলোনায় যোগ দিতে পেরে খুশির জোয়ারে ভাসছেন র‍্যাশফোর্ড। স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের ইউটিউব চ‍্যানেলে তার প্রতিক্রিয়ায় উচ্ছ্বাসটুকু ফুটে উঠল পুরোপুরি।

“খুবই রোমাঞ্চিত। আমি মনে করি, এটা এমন একটা ক্লাব যেখানে সবার স্বপ্ন পূরণ হয়। তারা বড় পুরস্কার জেতে। আর ক্লাবের যে অবস্থান, সেটা আমার কাছেও খুবই অর্থবহ। তাই সেদিক থেকে এখানে আমি বেশ স্বচ্ছন্দ বোধ করছি।” 

বার্সেলোনা জানায় বুধবার অপরাহ্নে র‍্যাশফোর্ডের সঙ্গে চুক্তি করে তারা। বিবৃতিতে উচ্ছ্বাস জানায় স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরাও।

“র‍্যাশফোর্ড আক্রমণভাগের যে কোনো জায়গায় খেলতে পারে। ডান পায়ে খেলতে পারে, সে খেলোয়াড়দের চ‍্যালেঞ্জ জানাতে পারে, ফিনিশিংয়ে দুর্দান্ত, এই প্রতিভাগুলো সে এখন বার্সার জার্সিতে দেখাতে পারবে।”

ম‍্যানচেস্টারের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৬ ম‍্যাচে ১৩৮ গোল করা র‍্যাশফোর্ড খুঁজে নিলেন নতুন চ‍্যালেঞ্জ। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের নিবেদন নিয়ে প্রশ্ন তুলে তাকে পরিকল্পনা থেকে বাদ দেন হুবেন আমুরি। ইউনাইটেডে দুটি করে এফএ কাপ ও লিগ কাপ এবং একটি ইউরোপা লিগ জেতা র‍্যাশফোর্ড গত মৌসুমের শেষ ভাগটা ধারে কাটান অ‍্যাস্টন ভিলায়। গত ফেব্রুয়ারিতে ইংলিশ এই ফরোয়ার্ডের ব‍্যাপারে ইউনাইটেড কোচ বলেছিলেন, যে খেলোয়াড় পুরোটা দেয় না তার জায়গায় প্রয়োজনে তিনি গোলরক্ষক কোচকে বেঞ্চে রাখবেন। 

ইংল‍্যান্ডের হয়ে ৬২ ম‍্যাচে ১৭ গোল করেছেন র‍্যাশফোর্ড। তার উপলব্ধি, ভিলায় যোগ দিয়ে আরও ফিট ও ভালো হয়ে উঠেছেন তিনি। ইংলিশ ক্লাবটির হয়ে ১০ লিগ ম‍্যাচে দুটি গোল করেন তিনি। অন‍্য দিকে প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে ফল করে ইউনাইটেড, আসর শেষ করে পঞ্চদশ স্থানে থেকে। 

এক বিবৃতিতে ইউনাইটেড আসন্ন মৌসুমে র‍্যাশফোর্ডের জন‍্য শুভ কামনা জানিয়েছে। 

এরই মধ‍্যে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। আগামী ২৭ জুলাই নিজেদের প্রথম প্রাক মৌসুম প্রীতি ম‍্যাচ খেলবে হান্সি ফ্লিকের দল।