দলের কাছে আরও ধারাবাহিকতা চান বায়ার্ন কোচ
ভার্ডার ব্রেমেনের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি সামনের ম্যাচগুলোতেও দেখার আশায় টমাস টুখেল।
বায়ার্ন মিউনিখের মৌসুমের শুরুটা হয়েছে ভালো-খারাপ মিলিয়ে। তাই খুব একটা স্বস্তি পাচ্ছেন না কোচ টমাস টুখেল। খেলোয়াড়দের কাছ থেকে তার চাওয়া, আরও বেশি ধারাবাহিকতা। বুন্ডেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি সামনের ম্যাচগুলোতেও দেখতে চান তিনি।
গত মৌসুমে শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে পেছনে ফেলে টানা ১১তম বুন্ডেসলিগা শিরোপা জেতে বায়ার্ন। নতুন মৌসুম শুরু করে তারা ঘরের মাঠে জার্মান সুপার কাপের শিরোপা লড়াইয়ে লাইপজিগের কাছে ৩-০ গোলে হেরে।
তবে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা ভালো করে দলটি। প্রথম ম্যাচে গত শুক্রবার ভার্ডার ব্রেমেনকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। নতুন ঠিকানায় লিগ অভিষেকে একটি গোল করার পাশাপাশি আরেক গোলে সহায়তাও করেন ইংলিশ তারকা হ্যারি কেইন।
লিগে পরের ম্যাচে আগামী রোববার আউক্সবুর্কের মুখোমুখি হবে বায়ার্ন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টুখেল বললেন, প্রথম ম্যাচের মতো পারফরম্যান্স আউক্সবুর্কের বিপক্ষেও দেখতে চান তিনি।
“সমালোচনাকে আমাদের গ্রহণ করতে হবে এবং যে বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা ছিল যে আমরা আগে থেকে অনেকটা এগিয়ে আছি, সেগুলো নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আমরা ম্যাচ চলাকালীন এবং দুই ম্যাচের মাঝে আমাদের উত্থান-পতন কমাতে চাই।”
