সাফের প্রাথমিক দলে মোরসালিন ও সাজ্জাদ
চোটের কারণে প্রাথমিক দল থেকে ছিটকে গেছেন সাদউদ্দিন ও মতিন মিয়া।
দুজনেই ছিলেন হাভিয়ের কাবরেরার ‘রাডারে’। মতিন মিয়া ও সাদউদ্দিনের চোটে সুযোগও মিলে গেল তাদের। আসছে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে মতিন ও সাদের জায়গায় ডাক পেয়েছেন শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেন।
চলতি মৌসুমে বসুন্ধরা কিংসে খেলছেন মিডফিল্ডার মোরসালিন। সাজ্জাদ সদ্য ফেডারেশন কাপ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড়। এই দুই তরুণকে ডাকার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন।
“চোটের কারণে আমরা সাদউদ্দিন ও মতিনকে পাচ্ছি না। এ কারণেই প্রাথমকি দলে মোরসালিন ও সাজ্জাদকে ডাকা হয়েছে। দুজনেই চলতি মৌসুমে ভালো খেলেছে। আমাদের যে সম্ভাবনাময় ৫০-৬০ জনের একটা তালিকা আছে, সেখানে মোরসালিন ও সাজ্জাদ দুজনে খুব ভালোভাবেই ছিলেন।”
কিংসের অনুশীলনে পায়ে চোট পাওয়া সাদউদ্দিনের অস্ত্রোপচার করা হয়েছে গত সপ্তাহে। ফরোয়ার্ড মতিনের চোট হাঁটুতে।
গত বছর সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন সাজ্জাদ। ওই ম্যাচে তিনি একটি গোল করলেও দল হেরেছিল ৩-১ ব্যবধানে।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসরের জন্য ৪ জুন থেকে ঢাকায় প্রস্তুতি শুরু করবেন কাবরেরা।
ঢাকায় প্রস্তুতি সেরে আগামী ১৫ জুন কম্বোডিয়ায় গিয়ে তাদের বিপক্ষে ফিফা উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ শেষ করে নমপেন থেকে বেঙ্গালুরু যাবে দল।
