বর্ণবাদী আচরণের শিকার মিয়াঁ, মিলান সতীর্থদের নিয়ে ছাড়লেন মাঠ
মাইক মিয়াঁ মাঠ ছেড়ে যাওয়ার সময় মিলান সতীর্থরাও একাত্মতা প্রকাশ করে তার সঙ্গী হন।
ফুটবল আঙিনা থেকে বর্ণবাদের শেকড় যেন কোনোভাবেই উৎপাটন করা যাচ্ছে না। এবার উদিনেজে সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হলেন এসি মিলানের গোলরক্ষক মাইক মিয়াঁ। ক্ষোভে, হতাশায় মাঠ ছেড়ে যান ফরাসি এই গোলরক্ষক, মিলান সতীর্থরাও তার সঙ্গী হন। ১০ মিনিট পর অবশ্য মাঠে ফেরে মিলান। হারায় উদিনেজেকেও।
সেরি আয় শনিবার উদিনেজের বিপক্ষে ৩-২ গোলে জেতা মিলান ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের আশপাশে ঘুরপাক খাচ্ছে উদিনেজে।
৩১তম মিনিটে উদিনেজের জালে রুবেন লোফটাস-চিক বল জড়ানোর পরপরই অনাকাঙিক্ষত ঘটনার শুরু। স্বাগতিক সমর্থকরা বর্ণাবাদী মন্তব্য করতে থাকেন মিয়াঁর উদ্দেশে।
প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে এমন বিদ্বেষপূর্ণ আচরণ মেনে নিতে পারেননি মিয়াঁ। পোস্ট ছেড়ে হাঁটা শুরু করেন; মিলান সতীর্থরাও তার সাথে চলে যান মাঠের বাইরে। ১০ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়।
ওই সময়ের ঘটনা নিয়ে স্কাই স্পোর্টস ইতালির সঙ্গে কথা বলেন মিয়াঁ। বর্ণবাদী আচরণকারীদের কঠোর শাস্তির দাবি তোলেন এই ফরাসি গোলরক্ষক।
“আমি বলেছিলাম, আমরা এভাবে ফুটবল খেলতে পারি না। এই ঘটনা এই প্রথম ঘটল না। তাদের (বর্ণবাদী আচরণকারীদের) অবশ্যই খুবই শক্ত শাস্তি দিতে হবে। কেননা, শুধু কথা বলে কোনো কাজ হচ্ছে না।”
“আমাদের অবশ্যই বলতে হবে, তারা ভুল কাজ করছে। সব সমর্থক এটা করে না। অধিকাংশ সমর্থকই তাদের দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে এবং আপনাকে দুয়ো দিতে চায়- যেটা স্বাভাবিক, কিন্তু এটা নয়।”
ঘটনার বর্ণনাও দিলেন এসি মিলান গোলরক্ষক। প্রকাশ করলেন ক্ষোভ।
“প্রথমার্ধে যেটা ঘটেছিল, সেটা হচ্ছে, প্রথম গোলের পর আমার কানে এলো বানর শব্দটা। আমি কিছু বলিনি। দ্বিতীয়বার যখন বল আনতে গেলাম, এটা আবারও শুনলাম। বিষয়টি তখন আমি চতুর্থ অফিসিয়াল এবং বেঞ্চে থাকা সতীর্থদের বললাম।”
“ক্ষুব্ধ ছিলাম আমি। কেননা, এই প্রথম এটা ঘটল না। আমি খেলতে চাইনি, কেননা, আমরা একটা পরিবার এবং আমি এভাবে সতীর্থদের ছেড়ে যেতে পারি না।”
মিয়াঁর পাশে দাঁড়িয়েছে মিলান। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ জানিয়েছে তারা।
“আমাদের খেলায় বর্ণবাদের কোনো স্থানই নেই। আমরা আতঙ্কিত। আমরা তোমার পাশে আছি মাইক।”
পাশে থাকার বার্তা দিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও, “এই বিশ্বে সব ধরণের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা ভাই-ভাই। তোমাদের পাশে আছি।”
এ ঘটনায় নিন্দা জানিয়েছে সেরি আ কর্তৃপক্ষও।
