২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে মিলান-রিয়াল ফাইনাল চান আনচেলত্তি

পাওলো মালদিনির জন্য এসি মিলানকে শিরোপা লড়াইয়ের মঞ্চে দেখতে চান রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 10:28 PM

Updated : 11 Apr 2023, 10:28 PM

খেলোয়াড় ও কোচ হিসেবে এসি মিলানে অনেকটা সময় ছিলেন কার্লো আনচেলত্তি। তার কোচিংয়েই ২০০৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে ও শিরোপা জেতে ইতালির ক্লাবটি। ভালোলাগার দলটিকে আবারও ইউরোপ সেরার শিরোপা নির্ধারণী মঞ্চে দেখতে চান তিনি। ইতালিয়ান এই কোচের চাওয়া, সেখানে প্রতিপক্ষ হোক তার বর্তমান দল রিয়াল মাদ্রিদ। 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার চেলসির মুখোমুখি হবে রিয়াল। ওই দিনই শেষ আটের প্রথম লেগে মিলান লড়বে নাপোলির বিপক্ষে। 

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে একাদশ স্থানে থাকা চেলসির বিপক্ষে রিয়ালকেই ফেভারিট ধরা হচ্ছে। তবে মিলানের সঙ্গে এগিয়ে রাখা হচ্ছে নাপোলিকে। 

সবশেষ দেখায় সেরি আয় শীর্ষে থাকা নাপোলিকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও এবারের মৌসুমে ধারাবাহিক নয় মিলান। লিগ টেবিলে তাদের অবস্থান তৃতীয়। তবে চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকেই সমর্থন করার কথা মঙ্গলবার বললেন আনচেলত্তি।

“এটি সর্বোপরি মিলানের জন্য শুভকামনা, যে দলটির আমি একজন ভক্ত। বাস্তবে মিলান-নাপোলির ম্যাচ হবে খুবই ভারসাম্যপূর্ণ ও অনিশ্চিত।” 

“ইস্তানবুলে দুই দলের মুখোমুখি হওয়া কী দারুণ হবে? রিয়ালের জন্য অবশ্যই দারুণ হবে। আমার মনে হয়, মিলানের জন্যও তাই। কিন্তু সব দলই ইস্তানবুলের ফাইনালে জায়গা করে নিতে চাইবে।” 

১৯৮৭ থেকে ১৯৯২ পর্যন্ত মিলানের হয়ে খেলেন আনচেলত্তি। কোচ হিসেবে দলটিতে ছিলেন তিনি ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জেতেন তিনি। 

তবে ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইস্তানবুলে লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া এখনও দাগ কেটে আছে তার মনে। ওই ম্যাচে মিলানের অধিনায়ক ছিলেন পাওলো মালদিনি, যিনি এখন দলটির টেকনিক্যাল ডিরেক্টর।

ইতালির সাবেক এই ডিফেন্ডারকেও বেশ পছন্দ আনচেলত্তির। মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার দেখতে চাওয়ার এটিও একটি কারণ। 

“পাওলো ও ইস্তানবুল সুখস্মৃতি নয়, বিশেষ করে ২০০৫ সালে যা ঘটেছিল। মালদিনিকে আমি খুব পছন্দ করি, সে আমার অধিনায়ক ও আমার সঙ্গী। আমার জন্মদিনে (ফাইনালের দিন) যদি পরস্পরের মুখোমুখি হতে পারি তবে সেটা হবে বেশ দারুণ।” 

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনালও হবে ইস্তানবুলে, আগামী ১০ জুন। ১৯৫৯ সালের এই দিনে ইতালির রেজ্জিওলো শহরে জন্মগ্রহণ করেন আনচেলত্তি।