২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই থামল বসুন্ধরা কিংস

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে বসে অস্কার ব্রুসনের দল।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই থামল বসুন্ধরা কিংস

শক্তিশালী শারজাহ এফসির বিপক্ষে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুরুতেই শেষ হয়ে গেল বসুন্ধরা কিংসের পথচলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 11:55 PM

Updated : 15 Aug 2023, 11:55 PM

মিরালেম পিয়ানিচ, পাকো আলকাসেরের মতো ইউরোপে আলো ছড়ানোদের বিপক্ষে লড়াই। বসুন্ধরা কিংস তাই রক্ষণ জমাট রেখে খেলার পথে হাঁটে। তবে, প্রথমার্ধের যোগ করা সময়ে তাদের বাঁধ ভেঙে যায়। পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধে তারা সুযোগ তৈরি করতে পারল ঠিকই, কিন্তু পূর্ণতা দিতে পারলেন না দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো, মিগেল দামাশেনোরা। প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গিয়ে বসুন্ধরা কিংস আটকাতে পারল না শক্তিশালী শারজাহ এফসিকে।

শারজাহ স্টেডিয়ামে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই হারে টুর্নামেন্টে পথচলাও থেমে গেল অস্কার ব্রুসনের দলের।

সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ছয়বারের চ্যাম্পিয়ন শারজাহ শুরু থেকে ছড়ি ঘোরাতে থাকে। রক্ষণ জমাট রাখায় মনোযোগী ছিল বসুন্ধরা কিংস, পোস্টের নিচে বেশ ভালোই করছিলেন আনিসুর রহমান জিকো।

ষষ্ঠ মিনিটে সতীর্থের থ্রু পাস থেকে বল পান আলকাসের। বার্সেলোনার এই সাবেক ফরোয়ার্ডের বাঁ পায়ের কোনাকুনি শট আটকে দেন জিকো।

২১তম মিনিটে উড়ে আসা লং বল লাফিয়ে উঠেও নাগাল পাননি বিশ্বনাথ ঘোষ। পেয়ে যান তার পেছনেই থাকা লুয়ান পেরেইরা; লুয়ানজিনিয়ো নামে পরিচিত এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে আবারও ত্রাতা জিকো।

৩০তম মিনিটে ফের শারজাহর আক্রমণ; মিরালেম পিয়ানিচের ক্রসে শাহিদ আবদেল্লাহর হেড যায় পোস্টের বাইরে। একটু পর দেওয়া হয় কুলিং ব্রেক। ব্রেক থেকে ফিরেই প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস। কিন্তু রবসন দি সিলভা রবিনিয়োর কর্নারে দোরিয়েলতনের হেড উপরের জাল কাঁপায়।

৪০তম মিনিটে পায়ের কারিকুরিতে বল নিয়ে ঢুকে পড়েন পিয়ানিচ। কিন্তু শেষ পর্যন্ত জিকো দ্রুত ছুটে এসে বল গ্লাভসে নিলে শট নেওয়ার সুযোগ পাননি ইউভেন্তুসের সাবেক মিডফিল্ডার।

বসুন্ধরা কিংসের স্বস্তি উবে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। কাইওর থ্রু পাস ধরে পিয়ানিচ বাইলাইনের একটু উপর থেকে আড়াআড়ি ক্রস বাড়ান গোলমুখে। টোকায় বাকি কাজটুকু সারেন লুয়ানজিনিয়ো।

দ্বিতীয়ার্ধের শুরুতে ওসমানো কামারা দূরপাল্লার শটে জিকোকে পরাস্ত করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। একটু পর পাল্টা আক্রমণ থেকে ভালো সুযোগ আসে বসুন্ধরা কিংসের সামনে। তবে দোরিয়েলতনের পাস ধরে দামাশেনো পারেননি জালে বল জড়াতে।

৫২তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্টের হতাশায় পুড়তে হয় বসুন্ধরা কিংসকে। এবার দামাশেনোর পাস ধরে দোরিয়েলতন শট নিতে একটু দেরি করেন। শেষ পর্যন্ত গোলরক্ষকের গায়ে মেরে ভালো সুযোগটা নষ্ট করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

১০ মিনিটে পর সেলিমের শট ফেরান জিকো। ৭০তম মিনিটে পিয়ানিচের শট আটকান জিকো, শারজাহর ফিরতি প্রচেষ্টাও প্রতিহত হয় রক্ষণে। ওই চাপ ধরে রেখে পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আব্দুল্লাজিজ সেলিমের ক্রসে লুয়ানজিনিয়ো হেডে জাল খুঁজে নেন। বসুন্ধরা কিংসের ঘুরে দাঁড়ানোর পথটাও বলা যায় ওখানে শেষ হয়ে যায়।