ঠাসা সূচিতেই এখন সুবিধা দেখছেন গুয়ার্দিওলা!
টানা ম্যাচ খেলা তিনটি শিরোপার লড়াইয়ে সাহায্য করছে বলে মত ম্যানচেস্টার সিটি কোচের।
চলতি মৌসুমের বিভিন্ন সময়ে কোচদের দেখা গেছে দলগুলোর ব্যস্ত সূচি নিয়ে অভিযোগ করতে। পেপ গুয়ার্দিওলা অবশ্য এক্ষেত্রে ব্যতিক্রম। ম্যানচেস্টার সিটি কোচ এতে বরং দেখছেন ইতিবাচক দিক! এই স্প্যানিয়ার্ডের মনে হচ্ছে, টানা খেলার মধ্যে থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন তারা।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তিনটি শিরোপার জন্য লড়ছে সিটি। প্রিমিয়ার লিগের দুইয়ে থাকা দলটি টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের লড়াইয়েও।
লিগে আগামী শনিবার লেস্টার সিটির বিপক্ষে খেলবে ম্যানচেস্টারের ক্লাবটি। তাদের পরবর্তী ম্যাচ আগামী বুধবার, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। প্রথম লেগে গত মঙ্গলবার ৩-০ গোলে জেতে গুয়ার্দিওলার দল।
লেস্টারের বিপক্ষে ম্যাচ ও বায়ার্নের দ্বিতীয় লেগের ম্যাচসহ তাই ৮ দিনের মধ্যে তিন বার মাঠে নামতে হবে সিটিকে। তবে এতে কোনো সমস্যা দেখছেন না গুয়ার্দিওলা।
লেস্টার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাবেক বার্সেলোনা কোচ বলেন, একের পর এক ম্যাচ খেলে তারা উপকৃতই হচ্ছেন।
“যখন প্রতি তিন, চার দিনে একটি ম্যাচ থাকে, তখন আমরা ছন্দে থাকি, অবিশ্বাস্য মনোযোগ থাকে, এটি আমাদের সাহায্য করে।”
গুয়ার্দিওলা মনে করেন, আসছে প্রতিটি ম্যাচই তাদের জন্য নির্ণায়ক হতে যাচ্ছে। তাই নিজেদের ভুলের কোনো সুযোগ দেখছেন না ৫২ বছর বয়সী এই কোচ।
"সবাই জানে আমরা যদি এই ম্যাচগুলো হারি, তাহলে আমরা শিরোপা জিততে পারব না। (শনিবার) ব্যাপারটা একই হবে, আমরা যদি ম্যাচটা হারি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হব না।”
“আমরা যদি জিততে পারি, তাহলে আমরা (শিরোপার লড়াইয়ে) থাকতে পারি। কারণ ভুলে যাওয়া চলবে না যে আমরা আর্সেনাল থেকে ছয় পয়েন্ট পিছিয়ে আছি, এমন একটি দল যারা মৌসুমে অল্প কিছু পয়েন্ট হারিয়েছে এবং প্রতি সপ্তাহে একটি করে ম্যাচ খেলে। তাদের রিকভারি করা, ম্যাচের জন্য প্রস্তুত হওয়া এবং বিশ্লেষণের জন্য অনেক সময় আছে।”
ইংল্যান্ডের শীর্ষ লিগে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৩ পয়েন্টে শীর্ষে।
