২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপার’ তকমা পছন্দ নয় ফ্লিকের, উন্নতির তাগিদ দিলেন ইয়ামালকে

পরবর্তী ধাপে যেতে হলে ইয়ামালকে কঠোর পরিশ্রম করার দিকে মনোযোগ দিতে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।

‘সুপার’ তকমা পছন্দ নয় ফ্লিকের, উন্নতির তাগিদ দিলেন ইয়ামালকে
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

চোটের কারণে ক্লাবের চারটি ম্যাচে খেলতে পারেননি। তবে মাঠে ফিরেই আবার পুরনো রূপে নিজেকে মেলে ধরেন লামিনে ইয়ামাল। এতে প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ স্প্যানিশ তারকা, যা তার ক্যারিয়ারে এখন প্রায় নিয়মিত ঘটনা। তবে পরবর্তী ধাপে যেতে হলে তাকে কঠোর পরিশ্রম করার দিকে মনোযোগ দিতে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। 

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই মৌসুমের শুরুটাও বেশ ভালো করেন ইয়ামাল। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন দুটি করে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েন তিনি। ফলে ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে তাকে পায়নি বার্সেলোনা।

লা লিগায় গত রোববার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জেতা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে বদলি নামার এক মিনিটের মধ্যে দলকে এগিয়ে নেওয়ায় ভূমিকা রাখেন তিনি। ডি-বক্সে ঢুকে একজনের চ্যালেঞ্জ সামলে ক্রস বাড়ান ইয়ামাল, আর হেডে জাল খুঁজে নেন রবের্ত লেভানদোভস্কি।

ম্যাচের পর সোসিয়েদাদ কোচ সের্হিও ফ্রান্সিসকো বলেন, বিশ্বের সেরা ইয়ামালের বদলি নামাই ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচে। তাকে স্বরূপে ফিরতে দেখে সন্তুষ্টির কথা জানান কোচ ফ্লিকও।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ঘরের মাঠে শিরোপাধারী পিএসজির মুখোমুখি হবে গতবারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে প্রশ্নে তাকে আরও উন্নতির তাগিদ দেন ফ্লিক। 

“আমি এই ‘সুপার’ তকমা পছন্দ করি না। সে অসাধারণ খেলোয়াড়, কিন্তু তার বয়স ১৮ এবং তাকে কঠোর পরিশ্রম করার দিকে মনোযোগ দিতে হবে। তার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিভা আছে, তবে এটা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং তার খেলার সকল দিক ভালো করার বিষয়, যার মধ্যে রক্ষণের ব্যাপারও আছে।”