২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনালিস্সিমা বাতিলের পর গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে এটিই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ।

ফিনালিস্সিমা বাতিলের পর গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
নিজেদের ইতিহাসে প্রথমবার চার বছরের বিশ্বকাপ চক্রে কোনো ইউরোপিয়ান দেশের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 10:32 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমা ও কাতারের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ বাতিল হওয়ার পর, নতুন একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ এই ম্যাচে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ গুয়াতেমালা।

২০২৬ বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে এটিই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার ম্যাচের সূচি ও প্রতিপক্ষ জানিয়েছে। কোন মাঠে খেলা হবে, সেটা এখনও জানানো হয়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, বুয়েনস আইরেসে হবে ম্যাচটি। তবে কনসার্টের কারণে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়াম পাওয়া যাবে না। দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে এবং অনেকেই লা বোম্বোনেরাকে ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে দেখছেন। কারণ গত বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচটি হয়েছিল এখানেই।

কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিস্সিমা লড়াই হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত রোববার ম্যাচটি বাতিল করে উয়েফা।

স্পেনের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ার ফলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চার বছরের বিশ্বকাপ চক্রে কোনো ইউরোপিয়ান দেশের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা।

২০২২ কাতার বিশ্বকাপের আগে ইউরোপের তিন দেশ জার্মানি (২০১৯ সালে প্রীতি ম্যাচে ২-২ ড্র), ইতালি (২০২২ সালে ফিনালিস্সিমায় ৩-০ গোলে জয়) ও এস্তোনিয়ার (২০২২ সালে ৫-০ গোলে জয়) বিপক্ষে খেলেছিল আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ চক্রে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির ছিল ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের প্রস্তুতিপর্বে। সেসার লুইস মেনোতির কোচিংয়ে থাকা দলটি সেবার ইউরোপের দলগুলোর বিপক্ষে ২২টি ম্যাচ খেলেছিল।