২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে খেলোয়াড় কিনতে কাউকে ‘বিক্রির’ প্রয়োজন দেখছেন না পচেত্তিনো

নতুন কাউকে কেনার জন্য তহবিল সংগ্রহের চাপ নেই, বলেছেন চেলসি কোচ।

জানুয়ারিতে খেলোয়াড় কিনতে কাউকে ‘বিক্রির’ প্রয়োজন দেখছেন না পচেত্তিনো

নতুন মালিকানায় দলবদলে বাজারে কাড়ি কাড়ি অর্থ ঢাললেও এখনও কক্ষপথে ফিরতে পারেনি চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 11:05 PM

Updated : 08 Jan 2024, 11:43 PM

স্কোয়াডের শক্তি বাড়াতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করার কথা বিবেচনা করছে চেলসি। তবে এজন্য দলের কাউকে বিক্রি করার দরকার পড়বে না এবং ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ নিয়ম ভঙ্গ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। 

২০২২ সালের মে মাসে টড বোয়েলি ও ক্লিয়ারক্লার্ক ক্যাপিটাল কনসোর্টিয়াম চেলসি কিনে নেওয়ার পর থেকে দলবদলের বাজারে দেদার অর্থ ঢালছে দলটি। গত গ্রীষ্মের দলবদলে তারা খরচ করে ৪০ কোটি পাউন্ড, দলে টানে ১৩ জন খেলোয়াড়। এর মধ্যে ব্রাইটন থেকে ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ১১ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে দলে আনে মিডফিল্ডার মোইসেস কাইসেদোকে। 

তবে মাঠের পারফরম্যান্স মোটেও ভালো নয় চেলসির। গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ শেষ করে ১২ নম্বরে থেকে। চলতি মৌসুমের মাঝপথে লিগে আছে দশম স্থানে। এখন পর্যন্ত ২০ ম্যাচের মধ্যে জিতেছে কেবল ৮টি। 

লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার মিডলসবরোর মুখোমুখি হবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পচেত্তিনো বললেন, নতুন কাউকে কেনার জন্য তহবিল সংগ্রহের চাপ নেই তাদের।

"কিছু খেলোয়াড় কিনতে হলে আমাদের কাউকে বিক্রি করার প্রয়োজন নেই। বরাবরের মতো আমরা স্কোয়াডকে মূল্যায়ন করছি। গতকাল ও আজ আমরা মালিক ও ক্রীড়া পরিচালকদের সঙ্গে আলোচনা করেছি। সব দলগুলোর মতো আমরাও বিকল্প, সুযোগ খুঁজছি।” 

“কোনো সিদ্ধান্ত হলে আমরা জানাব। এই মুহূর্তে আমরা মূল্যায়ন করছি এবং স্বাভাবিকভাবে কাজ করছি।” 

আফ্রিকান নেশন্স কাপের জন্য দলের সর্বোচ্চ স্কোরার নিকোলাস জ্যাকসনকে ছেড়ে দিতে হয়েছে চেলসির। তারপরও একজন স্ট্রাইকার কেনাকে অগ্রাধিকার দিচ্ছেন না পচেত্তিনো। 

“স্কোয়াড নিয়ে আমি খুব ইতিবাচক ও খুশি। আমাদের বিভিন্ন ধরনের খেলোয়াড় আছে, যারা স্ট্রাইকার পজিশনে খেলতে পারে।”