২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবাওয়ের জালে ইয়ামালের চমৎকার গোল, বার্সার জয়

দুর্ভাগ্যের বাধায় দুবার গোলবঞ্চিত হওয়ার পর শেষ দিকে ঠিকই দলকে উচ্ছ্বাসে ভাসান রবের্ত লেভানদোভস্কি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 01:10 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

দৃষ্টিনন্দন এক গোলে দলকে পথ দেখালেন লামিনে ইয়ামাল। বিরতির আগে সমতা টেনে ঘুরে দাঁড়ায় আথলেতিক বিলবাও। কিন্তু পরে আর তেমন কিছু করতে পারেনি তারা। শেষ দিকে রবের্ত লেভানদোভস্কির গোলে টানা দ্বিতীয় জয় পেল হান্সি ফ্লিকের দল।

ঘরের মাঠে শনিবার লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে পজেশন ধরে রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে বার্সেলোনা। ইয়ামালের নৈপুণ্যে এবং কিছুটা ভাগ্যের ছোঁয়ায় ২৪তম মিনিটে এগিয়েও যায় তারা।

ফ্রি-কিকে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক পাদিলা, তবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল বক্সের বাইরে পেয়ে, জায়গা বানিয়ে জোরাল বাঁকানো শট নেন ইয়ামাল, বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে ঠিকানা খুঁজে নেয়।

এই দলের বিপক্ষে গত জানুয়ারিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালেও একক নৈপুণ্যে চমৎকার একটি গোল করেছিলেন ইয়ামাল। ম্যাচটি অবশ্য হেরে গিয়েছিল বার্সেলোনা।

৩৭তম মিনিটে আবারও ইয়ামাল জাদুর দেখা মেলে। দারুণ ড্রিবলিংয়ে আক্রমণে উঠে তিনি খুঁজে নেন রাফিনিয়াকে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাস দেন লেভানদোভস্কিকে। কিন্তু ভাগ্যের ফেরে পোলিশ স্ট্রাইকারের শট পোস্টে লাগে।

পাঁচ মিনিট পর সমতার স্বস্তি ফেরে বিলবাও শিবিরে। বিলবাও ফরোয়ার্ড আলেহান্দ্রো রেমিরোকে ডি-বক্সে বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি ফাউল করলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন ওইয়ান সানসেত।

৫৭তম মিনিটে দুর্ভাগ্য ফের বাধা হয়ে দাঁড়ায় বার্সেলোনার সামনে। এবারও রাফিনিয়া খুঁজে নেন লেভানদোভস্কিকে, বক্সে তারকা এই স্ট্রাইকার ছিলেনও অরক্ষিত। কিন্তু ছয় গজ দূর থেকে তার হেড লাগে পোস্টে। ছয় মিনিট পর তার আরেকটি প্রচেষ্টা দারুণ নৈপুণ্যে রুখে দেন গোলরক্ষক।

প্রতিপক্ষের চাপের মুখে এই অর্ধে উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারছিল না বিলবাও। ব্যর্থ কয়েকটি প্রচেষ্টার পর, অবশেষে ৭৫তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা।

তৃতীয় প্রচেষ্টায় সফল হন লেভানদোভস্কি। পেদ্রির বক্সে বাড়ানো বলের কাছাকাছি পৌঁছেও হাতে রাখতে পারেননি পাদিলা, চলে যায় লেভানদোভস্কির কাছে। প্রতিপক্ষের এমন উপহার পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি।

এবারের লিগে দুই ম্যাচে তিন গোল হলো ৩৬ বছর বয়সী এই তারকার। গত সপ্তাহে ভালেন্সিয়ার মাঠে দলের ২-১ ব্যবধানের জয়ে বিরতির আগে-পরে দুই গোল করেছিলেন তিনি।

দুই ম্যাচে শতভাগ সাফল্যে বার্সেলোনার পয়েন্ট হলো ৬। সমান ৬ পয়েন্ট সেল্তা ভিগোরও।