২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন রিয়ালে ফিরে দেখাব এই ক্লাবকে কত ভালোবাসি: কাসেমিরো

চোখের জলে রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন এই ব্রাজিলিয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 07:21 PM

Updated : 22 Aug 2022, 07:33 PM

কথা বলা শুরু করলেন হাসি মুখে। এরপর ক্রমেই ধরে আসল গলা। ছোট্ট বিদায়ী বক্তৃতার এক পর্যায়ে আর ধরে রাখতে পারলেন না নিজেকে। হাত দিয়ে চেষ্টা করলেন চোখের জল মুছবার। রিয়াল মাদ্রিদে বিদায়ের আনুষ্ঠানিকতা সারতে এসে আবেগ ছুঁয়ে গেল কাসেমিরোকে। মাদ্রিদের ক্লাবটির অনেক সাফল্যের নায়ক এই ব্রাজিলিয়ান ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর আগে বললেন, একদিন আবার ফিরতে চান প্রিয় সান্তিয়াগো বের্নাবেউয়ে।

রিয়ালে সাফল্যমণ্ডিত ৯ বছরের অধ্যায় শেষ করে কাসেমিরোর ইউনাইটেডে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায় শুক্রবার রাতে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ৬ কোটি পাউন্ডে দলে টেনেছে ইউনাইটেড। সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বাড়তি থাকবে আরও ১ কোটি পাউন্ড। চুক্তিটা চার বছরের জন্য, সুযোগ থাকবে পরে আরও এক বছর বাড়ানোর।

এতদিনের প্রিয় ঠিকানাকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় বলেন কাসেমিরো। তুলে ধরেন ভবিষ্যতে আবার মাদ্রিদে ফেরার ইচ্ছার কথা।

"একটি বিষয় পরিষ্কার করতে চাই, একদিন আমি রিয়াল মাদ্রিদে ফিরে আসব এবং দেখাব এই ক্লাবকে কতটা ভালোবাসি। আমি ভবিষ্যতে এই ক্লাবকে যে কোনোভাবে সাহায্য করতে চাই। যাই হোক না কেন, রিয়াল মাদ্রিদ সবসময় দুর্দান্ত থাকবে। আলা মাদ্রিদ।”

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে রিয়ালে যোগ দেন কাসেমিরো। স্মৃতির ডানায় তিনি ফিরে গেলেন শুরুর সেই দিনগুলোতে।

“যখন রিয়াল মাদ্রিদ থেকে ডাক পেলাম, তখন আমি সাও পাওলোতে ছিলাম। জানতাম, একদিন আমি মাদ্রিদের সিনিয়র দলের হয়ে খেলব, কিন্তু প্রথমে আমি রিজার্ভ দলে ছিলাম। আমি খুব রোমাঞ্চিত ছিলাম। আমি এই ক্লাবের মূল্যবোধ শিখতে শুরু করি, যা ছিল সেরা অংশ।”

তারকাখচিত দলে নিজের জায়গা করে নিতে সময় কিছুটা লেগে যায় বটে। তবে ক্রমে নিজেকে রিয়ালের মাঝমাঠের নির্ভরযোগ্য একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন কাসেমিরো।

দলটির হয়ে তিনি জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি করে লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ, একটি কোপা দেল রে। দলের সেসব সাফল্যে তার ছিল বড় অবদান।

তবে এসব শিরোপা নয়, রিয়ালকে প্রতিনিধিত্ব করতে পারাই তার কাছে বড় বিষয়। দীর্ঘ এ যাত্রায় ক্লাবটিতে তার সঙ্গে থাকা সবাইকে জানালেন ধন্যবাদ।

"এখানে আমি অনেক ট্রফি জিতেছি, কিন্তু আমার জন্য সবচেয়ে বড় ট্রফি হলো প্রতিদিন আমার হৃদয়ের ক্লাবটির প্রতিনিধিত্ব করা। ক্লাবের সবাইকে অনেক ধন্যবাদ। তারা সবাই আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছে। কোচিং স্টাফ ও আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, তাদের ছাড়া আমি কিছুই নই।”

“আমাকে একজন ভালো খেলোয়াড় এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।”

অনেকের কাছেই কাসেমিরোর দলবদলের খবরটা বিস্ময় হয়ে এসেছে। কেননা, এখনই তার রিয়াল ছাড়ার তেমন কোনো কারণই ছিল না। তাই কারো কারো ধারণা, ইউনাইটেডের বড় অঙ্কের অর্থের প্রস্তাবেই রিয়াল ছেড়ে যাচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলনে কাসেমিরো নিজে তুলে ধরলেন ক্লাব ছাড়ার কারণ।

“যারা মনে করে আমি অর্থের জন্য চলে যাচ্ছি, তারা আমার সম্পর্কে জানে না। অর্থই যদি মূল বিষয় হতো তাহলে আমি অনেক বছর আগেই চলে যেতাম। এই ক্লাব এতদিন আমার জন্য সঠিক ঠিকানা ছিল এবং আমার চক্র শেষ করতে আমি চলে যাচ্ছি।”

“আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই, ভিন্ন লিগ, ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। সেখানে আমি কিছুই জিততে পারিনি, তাই সবকিছু আমার সামনে আছে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, তবে সামনে যা আছে তাতে আমি রোমাঞ্চিত।”

রিয়ালের মাঝমাঠের দুর্দান্ত এক ত্রয়ী হয়ে উঠেছিলেন টনি ক্রুস, লুকা মদ্রিচ ও কাসেমিরো। সেখান থেকে এবার কাসেমিরো আলাদা হয়ে যাচ্ছেন। অন্য দুজনকে বিদায় বলাটা অনেক কঠিন ছিল তার কাছে।

"টনি ক্রুস ও লুকা মদ্রিচকে বলা খুব কঠিন ছিল যে আমি চলে যাচ্ছি। আমি নিজের সঙ্গে সৎ থাকতে চাই এবং এখানে আমার চক্র শেষ। আমি ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাবে যাচ্ছি। তবু আমি মাদ্রিদেরই একজন হয়ে থাকব।”

ইউনাইটেডে কাসেমিরোর দেখা হবে সাবেক রিয়াল ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে। পর্তুগিজ মহাতারকার ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার গুঞ্জন চলছে অবশ্য অনেক দিন ধরে। কাসেমিরোর বিশ্বাস, ইউনাইটেডেই রয়ে যাবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

“ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আমার এখনও কথা হয়নি, তবে আমি তার সঙ্গে খেলতে চাই। তার সঙ্গে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। আশা করি, সে থাকবে। সে বিশ্বের সেরাদের একজন।”