২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোঁপেলিয়ের বিপক্ষে অনিশ্চিত নেইমার

পেশির চোটে ভুগছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 06:17 PM

Updated : 31 Jan 2023, 06:22 PM

মাঠে সময়টা এমনিতেই ভালো কাটছে না পিএসজির। এর মাঝে আবার দলটিতে আঘাত হেনেছে চোট। পেশির সমস্যায় পিএসজির পরবর্তী ম্যাচে হয়তো খেলতে পারবেন না নেইমার।

ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে পিএসজি জানায়, পেশির চোটে ভুগছেন নেইমার এবং এজন্য এদিনের অনুশীলন থেকে বিরত থাকবেন এই  ব্রাজিলিয়ান। শঙ্কা সত্যি হলে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে খেলবেন না  এই তারকা ফরোয়ার্ড।

নতুন বছরে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া পিএসজি লিগে গত চার রাউন্ডের মাত্র একটিতে জিতেছে। সবশেষ দুই রাউন্ডে রেনের মাঠে হারের পর নিজেদের আঙিনায় রাঁসের সঙ্গে ড্র করে তারা।

ছন্দে ফেরার লড়াইয়ে নেইমারকে হারানো দলটির জন্য হতে পারে বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি করিয়েছেন তিনি।

২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ক্রিস্তফ গালতিয়ের দল।