২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরি ম্যাচ থেকে ছিটকে গেলেন স্কটিশ ডিফেন্ডার

হ্যামস্ট্রিং চোটে পড়েছেন স্কটল্যান্ডের ২৭ বছর বয়সী ফুটবলার কিয়েরন টিয়েরনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 09:52 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

চোট পেয়ে স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়েন কিয়েরন টিয়েরনি, তখনই জাগে শঙ্কা। সেটাই সত্যি হলো। ইউরোয় পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন স্কটল্যান্ডের এই ডিফেন্ডার।

আগামী রোববার হাঙ্গেরির বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। এই ম্যাচে টিয়েরনিকে না পাওয়ার কথা নিশ্চিত করেন দলটির কোচ স্টিভেন ক্লার্ক।

ইউরোতে বুধবার সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্কটল্যান্ড। ওই ম্যাচের শুরুর একাদশে ছিলেন টিয়েরনি। দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।

মাঠেই কিছুক্ষণ শুয়ে ছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচ শেষ টিয়েরনির চোটের অবস্থা জানতে চাওয়া হলে ক্লার্ক বলেন, “চোট পেয়েছে, নিশ্চিতভাবেই পরের ম্যাচে খেলতে পারবে না।” 

নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ৫-১ গোলে উড়ে যায় স্কটল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ড্র করায় এখনও তাদের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা আছে। এর জন্য হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিততেই হবে দলটির।