২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত লা লিগার সাবেক খেলোয়াড়

আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন সেল্তা ভিগোর সাবেক অধিনায়ক উগো মাইয়ো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 07:06 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

২০১৯ সালে লা লিগার একটি ম্যাচের আগে প্রতিপক্ষ দলের নারী মাসকটকে যৌন হয়রানি করার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সেল্তা ভিগোর সাবেক অধিনায়ক উগো মাইয়ো। বার্সেলোনার এক আদালত বৃহস্পতিবার এই রায় দিয়েছে।

মাইয়ো দোষী সাব্যস্ত হলে জরিমানা করার জন্য অনুরোধ করেছিলেন প্রসিকিউটর ও বিবাদী।

যৌন হয়রানির শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে ৬ হাজার ইউরো এবং বাড়তি আরও এক হাজার ইউরো দিতে মাইয়োকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া বিচারের সকল আইনি খরচও দিতে হবে তাকে।

আরসিডিই স্টেডিয়ামে ২০১৯ সালের ২৪ এপ্রিল এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে ঘটেছিল এই ঘটনা। কিক-অফের আগে খেলোয়াড়রা একে অপরকে অভিবাদন জানাতে লাইনে দাঁড়ানোর সময় অযাচিতভাবে এস্পানিওলের নারী মাসকটের স্তন স্পর্শ করেছিলেন মাইয়ো।

৩৩ বছর বয়সী মাইয়ো বর্তমানে গ্রিসের দল সালোনিকার হয়ে খেলছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি কোনো ধরনের অন্যায় করার কথা ফের অস্বীকার করেছেন এবং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।