২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস উল্টে নিহত আলজেরিয়ান ক্লাবের কোচ ও খেলোয়াড়

মর্মান্তিক এই ঘটনার পর সব ম্যাচের সূচি স্থগিত করেছে দেশটির জাতীয় ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 09:41 PM

Updated : 21 Dec 2023, 09:41 PM

ম্যাচ খেলতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলজেরিয়ার ক্লাব মুলুদিয়া ক্লাব এল বায়াদের কোচ ও একজন খেলোয়াড়। মর্মান্তিক এই ঘটনার পর সব ম্যাচের সূচি স্থগিত করেছে দেশটির জাতীয় ফুটবল ফেডারেশন।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফুটবলার জাকারিয়া বুজিয়ানি ও সহকারী কোচ খালিদ মুফ্তাহ দুর্ঘটনায় মারা গেছেন।

জেএস কাবিলির বিপক্ষে লিগ ম্যাচ খেলার উদ্দেশে বুধবার রাতে যাচ্ছিল এল বায়াদের বাস। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলজেরিয়ার উত্তর-পশ্চিমের শহর তিয়ারেতের কাছে সেটি উল্টে যায়।  

দুঃখজনক ঘটনাটি শুনে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ তেবুন শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে দুর্ঘটনার শিকার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।

কোচ ও খেলোয়াড় হারানো ক্লাবটি সামাজিক মাধ্যমে জানিয়েছে, আহত হওয়া অন্যান্যদের অবস্থা এখন স্থিতিশীল।

১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আলজেরিয়ান লিগে ষষ্ঠ স্থানে আছে এল বায়াদ। নিহত বুজিয়ানি এবারের আসরে দুটি ম্যাচ খেলেছেন।