১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বুন্ডেসলিগার নতুন নিয়ম দেখে হতবাক টনি ক্রুস

‘হ্যান্ডশেক ডায়ালগ’ নামের এই নিয়ম আদতে কোনো কাজেই আসবে না বলে মনে করেন জার্মান গ্রেট।

বুন্ডেসলিগার নতুন নিয়ম দেখে হতবাক টনি ক্রুস
টনি ক্রুস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

জার্মানির শীর্ষ লিগ বুন্ডেসলিগার ‘হ্যান্ডশেক ডায়ালগ’ নিয়মে চরম বিস্মিত টনি ক্রুস। লিগ কর্তৃপক্ষের এই পদক্ষেপ আদতে কোনো কাজেই আসবে না বলে মনে করেন সাবেক জার্মান মিডফিল্ডার। 

নতুন মৌসুমে বুন্ডেসলিগায় চালু করা হয়েছে এই নিয়ম, যেখানে ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে উভয় দলের অধিনায়ক ও কোচরা রেফারির সঙ্গে দেখা করে সংক্ষিপ্ত আলোচনা করবেন। যাতে দলগুলোর একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে ও ম্যাচ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি এড়ানো যায়।

অনেক সময় খেলোয়াড়রা রেফারির সঙ্গে তর্ক করতে থাকেন, ইচ্ছাকৃতভাবে ফাউল করেন ও খেলার পরিবর্তে সময় নষ্ট করেন। এই সমস্যাগুলো কমাতে নিয়মটি চালু করা হয়েছে। 

তবে নিয়মটি পছন্দ হয়নি অনেকেরই। আসরের প্রথম ম্যাচের পর কোলনের কোচ লুকাস কোয়াসনিওক যেমন এটিকে ‘ফালতু’ নিয়ম বলে মন্তব্য করেন। এই নিয়ম বাতিল করার আহ্বানও জানান তিনি। 

এক পডকাস্ট-এ ক্রুস বললেন, ম্যাচের সময়ের আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই নিয়ম তেমন কাজে আসবে না। গত বছর অবসর নেওয়া বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডারের মতে, ভিএআরের মতো বড় বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া উচিত লিগ কর্তৃপক্ষের।

“আমি খুবই অবাক হয়েছি (নিয়মটি দেখে)। কোয়াসনিওক ইতোমধ্যেই এই বিষয়ে বলেছেন। আমি জানতামও না যে, এটি এখন চালু হচ্ছে। ভিএআরসহ অনেক সমস্যা রয়েছে।”

“এর কোনো প্রভাব পড়বে না এবং কোনো মূল্য নেই, বিশেষ করে যেহেতু এটি ম্যাচের জন্য অধিনায়কদের প্রস্তুতি ব্যাহত করে। আপনি প্রস্তুতির মাঝপথে আছেন এবং সেই সময় বলতে হবে, আমরা একে অপরকে কতটা ভালোবাসি। এবং পঞ্চম মিনিটে, আর কোনো করমর্দন নেই, তারপর আপনি একটি হলুদ কার্ড পাবেন।”