২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া দলগুলোর ‘প্রতিকূল’ দেশ ভ্রমণে ইরানের নিষেধাজ্ঞা

ইরানের ক্রীড়া মন্ত্রণালয় এই ঘোষণা দেওয়ার সময় বিশ্বকাপের কথা উল্লেখ করেনি।

ক্রীড়া দলগুলোর ‘প্রতিকূল’ দেশ ভ্রমণে ইরানের নিষেধাজ্ঞা
ইরান জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 08:03 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

‘প্রতিকূল’ হিসেবে বিবেচিত এমন সব দেশে নিজেদের যে কোনো ক্রীড়া দলের ভ্রমণ নিষিদ্ধ করেছে ইরান। 

এএফসি চ‍্যাম্পিয়ন্স লিগে ট্রাক্টর সাজির ম‍্যাচের আগে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় ইরানের ক্রীড়া মন্ত্রণালয়। তবে এই সময়ে আসন্ন ফুটবল বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন।  

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দুবাইয়ের ক্লাব শাবাব আল আহলির বিপক্ষে আগামী মাসে সৌদি আরবে খেলার কথা ট্রাক্টরের।  

ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিকূল হিসেবে বিবেচনা করা হয় এমন দেশগুলো এবং অ‍্যাথলেট ও দলের সদস‍্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না এমন দেশগুলোতে জাতীয় দল ও ক্লাব দলের উপস্থিতি নিষিদ্ধ করা হলো। 

ইরানে গত মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর, মধ‍্যপ্রাচ‍্যের প্রায় সব দেশই মিসাইল, ড্রোন বা শ্র‍্যাপনেলের আঘাতে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

ইরানের মন্ত্রণালয় বলেছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনকে এই সিদ্ধান্ত জানানোর দায়িত্ব ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোর।

ইরানের ফুটবল প্রধান বলেছেন, বিশ্বকাপে তাদের ম‍্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করছেন তারা। তবে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছেন, ‘সূচি অনুযায়ী’ টুর্নামেন্ট এগিয়ে নিতে চান তারা। 

ইরান সরকার ও ফুটবল কর্তারা বলেছেন, তারা বিশ্বকাপ বয়কট করতে চান না। তবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলার পর জাতীয় দলের যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব নয়।