২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অহেতুক ফাউলই ডুবিয়েছে বাংলাদেশকে

কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলের হারের কারণ খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের সহকারী কোচ সাইফুল বারী টিটোর। তবে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হিসেবে বিপজ্জনক এলাকায় করা অহেতুক ফাউলগুলোকেই দুষেছেন কোচ লোডভিক ডি ক্রুইফের এই সহকারী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচে মেজাজ হারানো কোচ ক্রুইফকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন রেফারি। তার বদলে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসা টিটো জানান ব্যর্থতার কারণের লম্বা ফিরিস্তি।

নবম মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস বক্সের একটু বাইরে প্রতিপক্ষের এক ফুটবলারকে অযথা ফাউল করলে ফ্রি-কিক পায় কিরগিজস্তান, যা থেকে প্রথম গোলটি খায় স্বাগতিকরা।

২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও অতিথি দল পায় পেনাল্টি থেকে; এবার বক্সের মধ্যে ফাউল করেন ইয়ামিন আহমেদ ‍মুন্না।

শুরুর এই দুই গোলে পিছিয়ে পড়ায় বাংলাদেশ আরও কোণঠাসা হয়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ৩-১ গোলে হারে। টিটো বলেন, “আমাদের পরিকল্পনা ছিল পেনাল্টির কাছাকাছি বা বিপজ্জনক অঞ্চলে আমরা অহেতুক ফাউল করব না; কিন্তু সেটাই হয়েছে।”

রক্ষণ, মাঝমাঠ ও ফরোয়ার্ড-এই তিন বিভাগের মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে মামুনুল-জামাল ভূইয়ার উপস্থিতিতে মাঝমাঠের খেলা বেশ জমাট ছিল। কিন্তু ফরোয়ার্ডে এনামুল হক ও জাহিদ হোসেন এমিলি সুযোগগুলোর কোনোটাই কাজে লাগাতে পারেননি। তাই দলের সামগ্রিক খেলা নিয়ে মোটেও খুশি নন টিটো।

“মাঝমাঠে মামুনুল, জামাল ভালো করেছে। মামুনুল ছিল অসাধারণ। ইয়াসিন ও তপুও ভালো করেছে। এনামুল ফরোয়ার্ডে ভালো করতে পারেনি। হয়ত পর্যাপ্ত বলের যোগান সে সতীর্থদের কাছ থেকে পাইনি; কিংবা নিজে সুযোগ তৈরি করতে পারেনি। আসলে ম্যাচের প্রতিটি মুহূর্তে আমরা দেরি করে ফেলেছি।”

প্রতিপক্ষ কিরগিজস্তান দলের প্রশংসা করতে অবশ্য ভোলেননি টিটো।

“তারা আমাদের চেয়ে ভালো দল। আমরা তাদের চেয়ে শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে পিছিয়ে ছিলাম।”

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বে নিজেদের পরের ম্যাচে ১৬ জুন তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টিটো জানান, কিরগিজস্তানের চেয়ে শক্তিশালী তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে তার দল।

এদিকে জিতে দারুণ খুশি কিরগিজস্তান কোচ আলেক্সান্ডার ক্রিস্টিনিন।

“আমরা এই জয়টার জন্য লম্বা সময় অপেক্ষায় ছিলাম। এ জয়ের যোগ্য আমরা।”