কিরগিজস্তানের মোকাবেলায় প্রস্তুত মামুনুল
কিরগিজস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরুর জন্য দল প্রস্তুত বলেই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। গত দুই প্রীতি ম্যাচের ভুল-ত্রুটিগুলো মাঝের সময়ের অনুশীলনে শুধরে নেওয়ার কথাও জানান জাতীয় দলের এই মিডফিল্ডার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার বিকাল ৫টায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও কিরগিজস্তান।
কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে আগের দিন সাংবাদিকদের নিজেদের প্রস্তুতির কথা জানান মামুনুল। প্রতিপক্ষকে সমীহ করেই জয়ের ছক কষছেন তিনি।
“প্রীতি ম্যাচের পরের অনুশীলন ক্যাম্প আমরা উপভোগ করেছি। আশা করি, প্রীতি ম্যাচের (সিঙ্গাপুর ও আফগানিস্তান) ভুলগুলোর পুনরাবৃত্তি আমরা আর করব না। নিজেদের মাঠে ম্যাচ। আমরা কিছু করে দেখাতে চাই এবং এ ম্যাচের জন্য আমরা প্রস্তুত।”
কোচ লোডভিক ডি ক্রুইফের অবশ্য শিষ্যদের ‘ফিটনেস’ নিয়ে পুরানো চিন্তা এখনো দূর হয়নি। জাহিদ হোসেন, রিয়াসাত ইসলাম ও ওয়াহেদ আহমেদ কিরগিজস্তানের বিপক্ষে দলে ঠাঁই পাননি। তবে মামুনুল জানালেন, যারা দলে আছেন, তারা সবাই শারীরিক ও মানসিকভাবে তৈরি।
“এ মুহূর্তে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় আছি আমরা। নিজেদের মাঠে আমরা সবসময় জয়ের জন্য খেলি এবং এ ম্যাচে পুরো তিন পয়েন্ট পাওয়াই আমাদের লক্ষ্য।”
সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও পরের ব্যর্থতায় সাফল্য পায়নি বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে ২-১ গোলের হার আর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক খেলার মাশুল বাংলাদেশ দেয় দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে। মামুনুল জানান, এগিয়ে যাওয়ার পর রক্ষণে মনোযোগ দেওয়ার কৌশল থেকে এবার বেরিয়ে আসবেন তারা।
“সাধারণত এক গোলে এগিয়ে গেলে আমরা যখন ক্লাব পর্যায়ে খেলি, তখন ওই গোলটা ধরে রাখার প্রতি গুরুত্ব দেই। কিন্তু সেটা থেকে এবার আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। কোচ আমাদের এসব নিয়ে বলেছেন; এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা।”
অধিনায়ক মামুনুলের কথাতেই পরিষ্কার ইঙ্গিত মিলছে, কিরগিজস্তানের বিপক্ষে আক্রমাত্মক ফুটবলের ছকে থাকবে বাংলাদেশ। এক গোল দিতে পারলে পরের গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানানোর কথাও জানালেন অধিনায়ক।
কিরগিজস্তানের ফুটবলাররা দীর্ঘকায় বলে বাতাসে বলে নিয়ন্ত্রণ থাকবে তাদের কাছে। বিষয়টি বিশেষভাবে মাথায় রেখে অধিনায়ক বলেন, “ওরা শারীরিকভাবে শক্তিশালী; তাই ওরা যখন লম্বা পাসে খেলবে, তখন আমাদেরকে মাটিতে খেলা উচিত হবে।”
