২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে লিওনেল মেসির উত্তরসূরিরা। টুর্নামেন্টের ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 05:51 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

গ্রুপ পর্বের তিন ম্যাচে ২ পয়েন্ট পায় আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে পানামার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ঘানার কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। 
 
দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পাওয়া ব্রাজিল এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। 
 
২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে খেলছে। প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলো থেকে সেরা চারটিও শেষ ষোলোতে সুযোগ পাবে। 
 
ফেভারিট তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনা তৃতীয় স্থানে থাকা সেরা চার দলের মধ্যেও নেই। 
 
তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে আপাতত সবার ওপরে আছে আয়োজক নিউ জিল্যান্ড। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া ফিজিরও নকআউটে ওঠার সম্ভাবনা রয়েছে। এবারই প্রথম এই টুর্নামেন্ট খেলতে এসেছে তারা।