বার্সার 'এমএসএন' নিয়ে ভয় ইউভেন্তুসের
ফাইনালে পা রেখেই প্রতিপক্ষ বার্সেলোনার আক্রমণ-ত্রয়ীকে নিয়ে ভাবতে শুরু করেছে ইউভেন্তুস। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমার-বার্সেলোনায় এমএসএন নামে পরিচিত হয়ে ওঠা দক্ষিণ আমেরিকার এই ত্রয়ীকে থামানো কঠিন হবে বলেই মনে করেন ইতালির ক্লাবটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
আগামী ৬ জুন বার্লিনের ফাইনালে ইউভেন্তুসের প্রতিপক্ষ বার্সেলোনা। এই ম্যাচে ইউভেন্তুসের রক্ষণভাগকে সামলাতে হবে সময়ের সেরা আক্রমণ-ত্রয়ীকে, যারা এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ক্লাব রেকর্ড ১১৪টি গোল করেছে।
গোল করার মতো করানোতেও দারুণ ভূমিকা রেখে যাচ্ছেন মেসি, সুয়ারেস ও নেইমার। মেসি এ মৌসুমে ২৭টি গোলে সহযোগিতা করেন, সুয়ারেসের গোলে অবদান ১৬টি। আর নেইমার সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টি গোল।
সেমি-ফাইনালের দুই পর্ব মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। এই পাঁচ গোলের তিনটি করেন নেইমার আর দুটি করেন মেসি।
দশ গোল নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতা মেসি। নেইমারের গোল নয়টি। আর ছয়টি গোল করেন সুয়ারেস।
ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে আল্লেগ্রি অদম্য এই ত্রয়ীকে নিয়ে কথা বলেন।
"এক ম্যাচে যে কোনো কিছুই ঘটা সম্ভব; কিন্তু মেসি, সুয়ারেস ও নেইমার সমৃদ্ধ দলকে রোখা পাহাড়সম কাজ।"
গত বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউভেন্তুস।
প্রথম পর্বে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জিতে ফাইনালে উঠে দুইবারের চ্যাম্পিয়নরা।
