ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আনচেলত্তি
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ার পর রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন কোচ কার্লো আনচেলত্তি।
ইতালির এই কোচের রিয়ালে থেকে যাওয়ারই ইচ্ছা; তবে বিষয়টি ক্লাবের হাতে ছেড়ে দিয়েছেন তিনি।
"আমার কিছু বলার নেই। ক্লাব সন্তুষ্ট থাকলে আমি থাকতে পারি। তারা খুশি না থাকলে সিদ্ধান্ত নেবে। আমি এখানে থাকতেই চাই।... সন্তুষ্ট না হলে কোনো ক্লাবের অধিকার আছে কোচ পাল্টানোর।"
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ৫৫ বছর বয়সী এই কোচের ভবিষ্যৎ নিয়ে কথা উঠলে এরপর তিনি বলেন, "জানি না, আগামী মৌসুমে এখানে থাকব কিনা।"
রিয়াল মাদ্রিদে এখন পর্যন্ত সময়টা উপভোগ করেছেন বলে জানান আনচেলত্তি। আর স্পেনের এই ক্লাবের হয়ে যা পেয়েছেন, তা নিয়েও খুশি তিনি।
গত মৌসুমেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন আনচেলত্তি। এক মৌসুমে দলকে চারটি শিরোপাও এনে দেন তিনি। এর মধ্যে আছে রিয়ালের বহু কাঙ্খিত দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সঙ্গে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ কাপও জেতেন তিনি।
মৌসুমটি অবশ্য ভালো যাচ্ছে না আনচেলত্তির। রিয়ালের স্পেনের লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা আর নেই বললেই চলে। লিগ শেষ হতে আর দুই রাউন্ড বাকি আছে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তারা।
বুধবার সান্তিয়াগো বের্নাবেউতে সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে ইউভেন্তুসের সঙ্গে ড্র করায় চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়ল রিয়াল। প্রথম পর্বে ২-১ গোলে হেরেছিল তারা।
দ্বিতীয় পর্বে হেরে যাওয়াটাকে অবশ্য দুর্ভাগ্য বলেই উল্লেখ করেন আনচেলত্তি।
"ম্যাচটি আমরা প্রথম পর্বেই হেরে গেছি। আজ রাতে আমরা নিজেদের সেরা খেলাটা খেলেছি। আমরা দুর্ভাগা। আমাদের অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা দুর্ভাগা।"
