রিয়ালের জালে মোরাতার 'অম্লমধুর' গোল
অসাধারণ এক গোল করে ইউভেন্তুসকে ফাইনালে তোলা আলভারো মোরাতার খুশির সীমা থাকার কথা নয়। কিন্তু এই গোলেই যে তার সাবেক দল রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙেছে, অনুভূতিটা তার তাই অম্লমধুর।
গত বুধবার সান্তিয়াগো বের্নাবেউতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউভেন্তুস। প্রথম পর্বে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল মাসিমিলিয়ানো আল্লেগ্রির দল। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জিতে ফাইনালে উঠে দুইবারের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় পর্বে ম্যাচের ২৩তম মিনিটে পিছিয়ে পড়ে ইউভেন্তুস। ১-০ স্কোরলাইন নিয়ে ম্যাচ শেষ করতে পারলে ফাইনালে যেত রিয়ালই। কিন্তু রিয়ালের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভাঙেন তাদেরই সাবেক স্ট্রাইকার মোরাতা।
বের্নাবেউয়ের গ্যালারি স্তব্ধ করে দিয়ে ৫৭তম মিনিটে ম্যাচে সমতা আনেন রিয়ালের যুব দল আর মূল দলে খেলা মোরাতা। প্রথম পর্বে দলের ২-১ ব্যবধানের জয়েও একটি গোল করেছিলেন তিনি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে একটু যেন আবেগাক্রান্ত হয়ে পড়েন এ মৌসুমেই ইউভেন্তুসে নাম লেখানো ২২ বছর বয়সী মোরাতা।
"আমি গোল করে উদযাপন করিনি।…এটা আমার জন্য অম্লমধুর আর অদ্ভুত এক অনুভূতি।"
মাদ্রিদে তার জন্ম, বেড়ে ওঠাও সেখানেই। রিয়াল মাদ্রিদ তার প্রিয় দল। গুরুত্বপূর্ণ গোলটি এই দলের বিপক্ষে না পেয়ে অন্য কোনো ক্লাবের বিপক্ষে পেলেই খুশি হতেন বলে জানান মোরাতা।
উৎসবমুখর ইউভেন্তুসে অবশ্য মোরাতা-বন্দনা বেশ চলছে। আর এই বন্দনায় নেতৃত্ব দিচ্ছেন কোচ আল্লেগ্রি।
"মোরাতা খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠছে।…ইউভেন্তুসে সে বেঞ্চে বসে শুরু করেছে, কিন্তু অনেক বেড়ে উঠেছে।"
