বেলকে পাস দেয় না রিয়াল সতীর্থরা!
রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেলের খারাপ খেলার পেছনে তার সতীর্থরাই নাকি দায়ী! ওয়েলসের এই ফরোয়ার্ডের এজেন্টের দাবি, ক্লাবে অন্যান্য খেলোয়াড়েরা তাকে যথেষ্ট পাস না দেওয়ার কারণেই নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না বেল।
এ নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেসদের তীব্র সমালোচনাও করেন বেলের এজেন্ট জোনাথন ব্যার্নেট।
“তাকে আরও বেশি বল দিন এবং সবাইকে দেখাতে দিন যে, তিনি কিসে ভালো। সতীর্থরা তার সঙ্গে কাজ করলে এবং তাকে সাহায্য করলে তিনি রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় হবেন।”
২০১৩-১৪ মৌসুমে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন বেল। চোট সমস্যার কারণে ওই মৌসুমের প্রথম অর্ধে নিজেকে ঠিক মেলে ধরতে না পারলেও শেষ দিকে জ্বলে ওঠেন তিনি। সেবারের কোপা দেল রের ফাইনালে দলকে জেতাতে চমৎকার একটা গোল করেছিলেন তিনি। কয়েক দিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও আতলেতিকো মাদ্রিদকে হারাতে গোল করেন তিনি।
এ মৌসুমের শুরুতেও বেলের পারফরম্যান্স বেশ আশাব্যাঞ্জক ছিল। কিন্তু এই বছরের শুরু থেকে ঠিক ছন্দে দেখা যাচ্ছিল না তাকে। মাঝে আবার চোটে পড়েন। গত সপ্তাহে ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম পর্বে ২-১ গোলে হারের ম্যাচে একরকম নিষ্প্রভই ছিলেন তিনি। আর গত শনিবার লিগে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে ভালো খেললেও প্রয়োজনীয় গোল এনে দিতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়।
ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচের শুরুতেই বেলকে দুয়ো দেয় দর্শকেরা। বেশ কিছু দিন ধরে অনেক সমালোচনাও সইতে হচ্ছে তাকে। তবে এত কিছুর পরেও নিজেকে ফিরে পেতে মরিয়া ২৫ বছর বয়সী এই তারকা।
আর কিছু দিন ধরে বেলের রিয়াল ছাড়া নিয়ে যেসব খবর বের হচ্ছে, তাও গুজব বলে উড়িয়ে দেন তার এজেন্ট।
