২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর কার্ড নিয়ে আনচেলত্তির অসন্তোষ

রায়ো ভায়েকানোর বিপক্ষে জয়ে খুশি হলেও ক্রিস্তিয়ানো রোনালদোর হলুদ কার্ড দেখাটা মেনে নিতে পারছেন না কার্লো আনচেলত্তি। নিজের অসন্তোষের কথা মাঠেই রেফারিকে বলে এসেছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বুধবার প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। এই জয়ে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে আনচেলত্তির দল। চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

৬৮তম মিনিটে দলের প্রথম গোলটি করেন রোনালদো। এর আগেও অবশ্য গোল পেতে পারতেন তিনি। বিরতির পরপরই বল নিয়ে ভায়েকানোর ডি বক্সে ঢোকেন রোনালদো। কিন্তু তাকে ফেলে দেওয়া হয়। রেফারি বাঁশিও বাজান। তবে পেনাল্টি নয়, উল্টো তিনি রোনালদোকে হলুদ কার্ড দেখান ডাইভ দেওয়ার অভিযোগে!

ম্যাচ শেষে রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায় আনচেলত্তিকে। খেলা শেষের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, রেফারিকে তিনি কী বলেছিলেন। তখনই রেফারির প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি উল্লেখ করেন আনচেলত্তি।

"আমি তাকে বলেছি, আমার মনে হয়েছে, রোনালদোর ওপর চ্যালেঞ্জের মতো একটি ঘটনায় পেনাল্টি না দেওয়াটা ছিল অসম্ভব ঘটনা।"

এই ম্যাচের কার্ড নিয়ে মৌসুমে লা লিগায় ৫টি হলুদ দেখে ফেললেন রোনালদো। আর লা লিগার নিয়ম অনুযায়ী পাঁচটি হলুদ কার্ড দেখা খেলোয়াড় লিগে পরের ম্যাচটি খেলতে পারবেন না।  

লা লিগায় রিয়ালের পরের ম্যাচটি আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউতে এইবারের বিপক্ষে। 

পুরনো খবর:

রোনালদোর অনন্য মাইলফলক
নিষেধাজ্ঞার কবলে রোনালদো-রদ্রিগেস
রোনালদো-রদ্রিগেসে রিয়ালের স্বস্তির জয়