রোনালদোর অনন্য মাইলফলক
স্পেনের লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের দিনে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে এদিন ৩০০তম গোল পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
বুধবার ভায়েকানোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। আগের ম্যাচে আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ৭ করেছিল বার্সেলোনা। ভায়েকানোর বিপক্ষে জিতে সেই ব্যবধান কমিয়ে আবার চারে নিয়ে আসে রিয়াল।
রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৬৮তম মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বল নিয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস বাড়ান দানি কারভাহাল; অরক্ষিত দাঁড়িয়ে থাকা রোনালদো ডাইভিং হেডে বল জালে জড়িয়ে দেন।
লা লিগার এই মৌসুমে নিজের ৩৭তম এই গোলেই রোনালদো ছুঁয়ে ফেলেন মাইলফলকটি। এ মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনিই। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল তার চেয়ে ৪টি কম।
রিয়ালের হয়ে এর আগে ৩০০ বা এর বেশি গোল করেন মাত্র দুজন। রিয়ালের সাবেক অধিনায়ক রাউল গনসালেস করেন ৩২৩ গোল, আর কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো করেন ৩০৭ গোল।
একদিক থেকে অবশ্য এ দুজনের চেয়ে আলাদা রোনালদো। রাউল ৩০০তম গোল পেতে খেলেন ৭৪১ ম্যাচ, আর দি স্তেফানোর লাগে ৩৯৬ ম্যাচ। রোনালদো এই মাইলফলকে পৌঁছান মাত্র ২৮৮ ম্যাচ খেলে।
