২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিকে টপকে তৃতীয় স্থানে ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকধাপ নিচে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাদের টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে ওঠার পথে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 10:17 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

পুরনো খবর:

স্টোককে হারিয়ে শিরোপার পথে চেলসির আরেক ধাপ
লিভারপুলকে উড়িয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল

শনিবার দিনের প্রথম ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে যায় আর্সেনাল। তখন তৃতীয় স্থানে নেমে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। আর এবার আরেকধাপ অবনমন হলো তাদের।
 
৩১ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ৬২। সিটির পয়েন্ট ৬১, তবে ১ ম্যাচ কম খেলেছে তারা। দ্বিতীয় স্থানে ওঠা আর্সেনালের পয়েন্ট ৩১ ম্যাচে ৬৩। 
 
ওল্ড ট্র্যাফোর্ডের এই ম্যাচে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতে স্বাগতিকদের কিছুটা ছন্দহীন মনে হলেও দ্রুত নিজেদের গুছিয়ে নেয় তারা। ভালো কয়েকটা আক্রমণও করে ওয়েইন রুনি-হুয়ান মাতারা, কিন্তু সাফল্য পেতে প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।  
 

৪৩তম মিনিটে আন্দের এররেরার কোনাকুনি শটে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের বাঁ-দিকের গোললাইনের কাছ থেকে ডাচ ডিফেন্ডার ডালে ব্লিন্ডের ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের শটে বল জালে জড়ান স্পেনের এই মিডফিল্ডার।  দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড, কিন্তু খুব কাছ থেকেও লক্ষ্যভ্রষ্ট হেড করেন বেলজিয়ামের মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি। ৭৯তম মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রুনি। আনহেল দি মারিয়ার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ স্ট্রাইকার।  এক মিনিট পরেই ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন ভিলার ক্রিস্তিয়ান বেনেতেক। জো কোলের নিচু কর্নারে ডান পায়ের শটে গোলটি করেন কঙ্গোর এই স্ট্রাইকার।    যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে সব নাটকীয়তার অবসান ঘটান এররেরা। স্বদেশি হুয়ান মাতার পাস থেকে ব্যবধান ৩-১ করেন তিনি।