২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে উড়িয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল

প্রিমিয়ার লিগে আর্সেনালের গত দুই মাসের দুর্দান্ত পথ পরিক্রমায় লিভারপুলও বাধা হতে পারল না। নিজেদের মাঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

পুরনো খবর:

স্টোককে হারিয়ে শিরোপার পথে চেলসির আরেক ধাপ
ম্যান সিটিকে টপকে তৃতীয় স্থানে ইউনাইটেড

শনিবার এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলকে ৪-১ গোলে হারায় আর্সেনাল। ইপিএলে আর্সেনালের এটা টানা সপ্তম জয়। গত ৭ ফেব্রুয়ারি লিগে শেষ হেরেছিল আর্সেনাল।

৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে আর্সেনাল। তৃতীয় স্থানে নেমে যাওয়া বর্তমান চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৬১, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।   

ম্যাচের পঞ্চম মিনিটে অতিথি ডিফেন্ডার কোলো তুরের চরম ভুলে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিল আর্সেনাল। ডি বক্সের ঠিক বাইরে তার ব্যর্থতায় বল পেয়ে ভেতরে ঢুকে পড়েন অ্যারন রামজি। শটও নিয়েছিলেন তিনি, কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেটা ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল থেকে লক্ষ্যভেদের সুযোগ ছিল সান্তি কাসোরলার সামনেও, সে যাত্রায় দলকে বাঁচিয়ে দেন কোত দি ভোয়ার খেলোয়াড় তুরে নিজেই।

স্বাগতিকদের শুরুর আক্রমণ সয়ে ম্যাচে ফিরে ভালো কয়েকটি সুযোগও পায় লিভারপুল। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। ১৯তম মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন রাহিম স্টার্লিং; কিন্তু ডান-দিক দিয়ে ব্রাজিলের মিডফিল্ডার কোতিনিয়োর বাড়ানো বলে পা লাগাতেই ব্যর্থ হন ইংলিশ এই মিডফিল্ডার।

এরপরই ম্যাচের গতি পথ নাটকীয় মোড় নেয়; প্রথমার্ধের শেষ আট মিনিটের মধ্যে তিনবার লিভারপুলের জালে বল পাঠিয়ে জয়টা একরকম নিশ্চিত করে ফেলে আর্সেনাল।

৩৭তম মিনিটে এক্তর বেলেরিনের নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। ডি বক্সের ডান কোণা দিয়ে বল পায়ে দুই জনকে ফাঁকি দিয়ে বাঁকানো শটে গোলটি করেন স্পেনের এই ডিফেন্ডার।

তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে বাঁ-পায়ের চমৎকার বাঁকানো ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল। আর ৪৫তম মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেস।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ পেয়েছিল আর্সেনাল, কিন্তু খুব কাছ থেকে করা অলিভিয়ে জিরুদের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৬৬তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন লিভারপুলের ইংলিশ স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। ছয় মিনিট পর আরেকটি সুযোগ হারায় অল রেডরা।

৭৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় লিভারপুল। নিজেদের ডি বক্সে বেলেরিন প্রতিপক্ষের স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা, তা থেকেই ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

৮৯তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ফের নষ্ট করে আর্সেনাল। কাসোরলার শট পোস্টে লেগে ফিরে আসে।

পরের মিনিটেই স্কোরলাইন ৪-১ করেন ফর্মে থাকা অলিভিয়ে জিরুদ। অনেকটা দূর থেকে সানচেসের বাড়ানো বল ধরে এক জনকে এড়িয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার।