স্টোককে হারিয়ে শিরোপার পথে চেলসির আরেক ধাপ
প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়েছে চেলসি। স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে জোসে মরিনিয়োর দল।
শনিবার রাতে চেলসির গোল দুটি করেন এডেন হ্যাজার্ড ও লোইক রেমি। আর স্টোক সিটির একমাত্র গোলদাতা চার্লি অ্যাডাম।
স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। প্রথম ১২ মিনিটে তিনটি ভালো আক্রমণও করে তারা, কিন্তু সাফল্য মেলেনি। চতুর্দশ মিনিটে ফরাসি স্ট্রাইকার লোইক রেমির নিচু শট দারুণ দক্ষতায় গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
২৯তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করেন হ্যাজার্ড। ডান দিক থেকে আড়াআড়ি দৌড়ে তিন জনের বাধা এড়িয়ে শটও নেন বেলজিয়ামের এই মিডফিল্ডার, কিন্তু গোলরক্ষককে পরাস্ত করার মতো সেটা যথেষ্ট জোরে ছিল না। পরের মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার অস্কার সহজ আরেকটি সুযোগ নষ্ট করেন।
