২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের ফেরার আর গ্রানাদার অস্তিত্বের লড়াই

বার্সেলোনার কাছে হারের পর আবার মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্পেনের লা লিগার ম্যাচটি কার্লো আনচেলত্তির দলের জন্য তাই নিজেদের ফিরে পাওয়ার লড়াই। আর অবনমন এলাকায় থাকা প্রতিপক্ষ গ্রানাদার জন্য এই ম্যাচ নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 03:19 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

রোববার রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

প্রতিপক্ষ পরাশক্তি জেনেও অবনমন অঞ্চল থেকে এই ম্যাচ দিয়েই নিজেদের তুলে আনতে দৃঢ়প্রতিজ্ঞ গ্রানাদা। দলটির মিডফিল্ডার এদি ম্যাচের আগে হুমকিই দিয়ে রেখেছেন রিয়ালকে। 

২৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে আছে গ্রানাদা। রিয়ালকে হারানোর মতো অঘটন ঘটাতে পারলে এই ম্যাচ শেষেই অবনমন অঞ্চল থেকে ওপরে উঠে যাবে তারা। এদি সেই প্রত্যয়ের কথাই শুনিয়েছেন।  

"আমরা জানি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই। আমাদের মরণপণ লড়াই করতে হবে এবং মাদ্রিদে যা পাই, তাই নিতে হবে। যদি এক পয়েন্ট পাই, ভালো। যদি পুরো তিন পয়েন্ট পাই, দারুণ।"

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদ শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ২৮ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৪। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা।

গ্রানাদার বিপক্ষে ফিরে পাওয়ার ম্যাচে অবশ্য দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দিকেই বেশি তাকিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। লা লিগায় তুলনামূলক 'দুর্বল' এই প্রতিপক্ষের বিপক্ষে সবসময়ই অসাধারণ খেলেন পর্তুগালের তারকা।

বের্নাবেউতে গ্রানাদার বিপক্ষে সবশেষ তিন ম্যাচে চারটি গোল করেন রোনালদো। আরেক দিক থেকেও রোনালদো অনন্য-আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে আসার পরের ম্যাচেই রিয়ালের হয়ে ধারাবাহিক গোল পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে গত সাতবার বিরতি কাটিয়ে আসার পরের সাতটি ম্যাচেই গোল করেন রোনালদো।

গ্রানাদাকে সামনে পেলে করিম বেনজেমারও অন্যরকম হয়ে ওঠার উদাহরণ আছে। এই দলের বিপক্ষে সবশেষ তিন ম্যাচেই গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদের আরেক সদস্য গ্যারেথ বেল ক্লাবের হয়ে শেষ ৯ ম্যাচে গোল পাননি। তবে ওয়েলসের হয়ে ইউরো বাছাইয়ের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন তিনি।

রিয়ালের জন্য আরেকটি ভালো খবরও আছে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন হামেস রদ্রিগেস। কলম্বিয়ার এই তারকা গ্রানাদার বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন। লিগের প্রথমার্ধে গ্রানাদার মাঠে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি।